সরকারের কাছে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা ধার চেয়েছে ইসলামী ব্যাংক

সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চেয়েছে। প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে পাঁচ বছরে এই অর্থ চাওয়া হয়েছে। ব্যাংকটি ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ অর্থ ফেরত দিতে চায়।
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকটির দুরবস্থা থেকে উদ্ধারের এমন প্রস্তাব পাঠিয়েছে। ব্যাংকটিকে লাভজনক করতে পর্ষদ মোট ১৩টি প্রস্তাব দিয়েছে, যা তিন ভাগে বিভক্ত।
এই প্রস্তাবের বাইরে অন্য ব্যাংকে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা ফেরত পেতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে ইসলামী ব্যাংক।
এস আলম গ্রুপের আত্মসাৎ করা ৮২ হাজার কোটি টাকা আদায়ে অগ্রগতি না থাকার প্রেক্ষাপটে পরিচালনা পর্ষদ এই প্রস্তাব পাঠিয়েছে।
এদিকে ব্যাংকটিতে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম আন্দোলন করছে। এই ফোরাম জামায়াতপন্থী বলে পরিচিত।
জানা গেছে, ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই ব্যাংকটিতে একটি পূর্ণাঙ্গ পর্ষদ গঠন হতে পারে।


