মজুরি দাবিতে অসন্তোষ: মঙ্গলবারও অন্তত ১০ কারখানায় কর্মবিরতি, দুপুরে বসছে বোর্ডের মুলতবি সভা

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে আজ মঙ্গলবারও (২৪ নভেম্বর) দিনের শুরুতেই অন্তত ১০টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতির মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কার্যক্রম শুরু হয়েছে।
কর্মবিরতি ও অসন্তোষের এই পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এই অসন্তোষের কেন্দ্রে রয়েছে নিম্নতম মজুরি নির্ধারণের চলমান আলোচনা। গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় পোশাকশিল্পের মালিকপক্ষ ন্যূনতম ১৫ হাজার ৮০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি সংশোধন করে ন্যূনতম ২২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়।
সোমবারের সভাটি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে বেলা পৌনে ১২টায় শুরু হয়ে কয়েক দফা বিরতি দিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে। প্রায় পৌনে নয় ঘণ্টার আলোচনা ও দুই দফা সংশোধনের পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভাটি মুলতবি করা হয়।
মুলতবি হওয়া সভাটি আজ মঙ্গলবার দুপুর ২টায় পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ড, পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এবং একাধিক শ্রমিক নেতার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। আজকের সভায় উভয় পক্ষের সংশোধিত প্রস্তাবের ওপর চূড়ান্ত দর-কষাকষি হওয়ার কথা রয়েছে।
মজুরি নির্ধারণে কী কী বিষয় বিবেচনা করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বলেন, ‘আমরা মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর কতজন নির্ভরশীল, মালিকদের সক্ষমতা—বিশেষ করে ছোট ও মাঝারি শিল্পগুলোর অবস্থা এবং বিশ্ববাজারে আমাদের প্রতিযোগিতার অবস্থান কোথায় দাঁড়াবে, ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে আলোচনা করছি।’
মালিকপক্ষের প্রস্তাব প্রত্যাখ্যান করে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘মালিকপক্ষ সব সময় একটু কম প্রস্তাব দিয়েই শুরু করে। তারা যে প্রস্তাব দিয়েছে, সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষও আমাদের প্রস্তাব গ্রহণ করেনি।’ চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন শিল্পের বর্তমান অর্থনৈতিক সক্ষমতার ইঙ্গিত দিয়ে বলেন, ‘একটি হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দেয়। হাঁস যখন অসুস্থ হয়ে যায়, তখনো কি আপনি প্রতিদিন একটা সোনার ডিম আশা করতে পারেন? আমার এটুকুই বক্তব্য।’
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন শুরুর পর গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন ও মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব ছাড়াও বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত ছিলেন।




