টিভি ছেড়ে ইনফ্লুয়েন্সারমুখী ইউনিলিভার, সবচেয়ে বড় ধাক্কা খেল চ্যানেল ৪

ব্রিটেনের অন্যতম বড় বিজ্ঞাপনদাতা ইউনিলিভার দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে তাদের প্রায় সব বিজ্ঞাপনী ব্যয় তুলে নেওয়ার পথে হাঁটায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চ্যানেল ৪। ডাভ সাবান ও হেলম্যানস মেয়োনেজের মালিক প্রতিষ্ঠানটি অনলাইন ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের দিকে ঝুঁকেছে বলে শিল্পসূত্রের বিশ্লেষণে জানা গেছে।
ইউনিলিভারের যুক্তরাজ্যের টিভি বিজ্ঞাপন বাজেট প্রায় ১০ কোটি পাউন্ড। দ্য গার্ডিয়ানের জন্য করা শিল্পসূত্রের বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যে টিভি মাধ্যমের ব্যয় ২০২৫ সালের তুলনায় ৫০ শতাংশের কিছু বেশি কমে গেছে। অ্যাংলো-ডাচ এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যগতভাবে প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল এবং স্কাইয়ের মূল প্রতিষ্ঠান কমকাস্টের পাশাপাশি যুক্তরাজ্যের শীর্ষ তিন টিভি বিজ্ঞাপনদাতার একটি ছিল।
শতাংশের হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চ্যানেল ৪। ইউনিলিভার এই সম্প্রচারমাধ্যমে তাদের ব্যয় প্রায় ৯২ শতাংশ কমিয়ে দিয়েছে। কঠিন বিজ্ঞাপন বাজারের মধ্যে চ্যানেল ৪ রেকর্ড পরিমাণ কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়ায় রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
টাকার অঙ্কে অবশ্য আইটিভি ও স্কাইয়ের ক্ষতি আরও বড়, কারণ ইউনিলিভার এই দুটি মাধ্যমেই বেশি অর্থ ব্যয় করত। অংশীদার চ্যানেল ৫-এর পক্ষেও বিক্রি করা স্কাই ৪৪ শতাংশ ধাক্কা খেয়েছে, আর আইটিভিতে ইউনিলিভারের বিজ্ঞাপন ব্যয় কমেছে ৪২ শতাংশ।
এই পরিবর্তনের শুরু গত বছরের মার্চে। তখনই প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়া ফের্নান্দো ফের্নান্দেজ বিপণন কৌশলে বড় রদবদলের অংশ হিসেবে ‘২০ গুণ বেশি ইনফ্লুয়েন্সার’ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বার্ষিক বাজেট ৮০০ কোটি ইউরোর বেশি (৬৭০ কোটি পাউন্ড) নিয়ে ইউনিলিভার বিশ্বের অন্যতম বড় বিপণনকারী প্রতিষ্ঠান।
চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ক্রিয়েটর নেটওয়ার্ক ২০২৪ সালের ৭৫ হাজার থেকে বেড়ে এখন ৫ লাখের বেশি হয়েছে। ইউনিলিভারের প্রধান বিপণন কর্মকর্তা লিয়ান্দ্রো বারেতো বলেছেন, ক্রিয়েটরনির্ভর কনটেন্ট ব্র্যান্ডেড কনটেন্টের তুলনায় বিনিয়োগের দেড় গুণ মুনাফা দিচ্ছে; ব্র্যান্ডেড কনটেন্টের মধ্যে প্রচলিত টিভি, সংবাদপত্র ও ডিজিটাল ডিসপ্লে বিজ্ঞাপন পড়ে।
ইউনিলিভারের উল্লেখযোগ্য প্রচারণার মধ্যে রয়েছে পারসিলের সঙ্গে অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্টের যৌথ কাজ এবং সুপার বোলে অভিনেত্রী এল ফ্যানিংকে নিয়ে হেলম্যানসের বিজ্ঞাপন। কমফোর্ট ব্র্যান্ডে সাবেক লাভ আইল্যান্ড প্রতিযোগী মলি-মে হেগ এবং ভ্যাসলিনের একটি পণ্যের অনুপ্রেরণা হয়ে ওঠা বিউটি ক্রিয়েটর জেন চে-র সঙ্গেও কাজ করেছে প্রতিষ্ঠানটি।
চ্যানেল ৪-এর এক মুখপাত্র বলেছেন, ‘ইউনিলিভার আমাদের মূল্যবান অংশীদার, তাদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। দর্শকের কাছে পৌঁছাতে ও বিপণন প্রচারণা চালাতে আমরা আমাদের বড় বিজ্ঞাপনদাতা পোর্টফোলিওর পাশাপাশি তাদের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি।’ ইউনিলিভার এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
তবে টেলিভিশনপক্ষের গবেষণা সংস্থা থিংকবক্সের গবেষণা বলছে ভিন্ন কথা। তাদের হিসাব অনুযায়ী, একটি প্রচারণায় সচেতনতা বাড়ার মোট প্রভাবের ৩৯ শতাংশ এসেছে সম্প্রচার টিভি বিজ্ঞাপন থেকে, যা অন্য যেকোনো মাধ্যমের তিন গুণ; ইনফ্লুয়েন্সারদের অবদান মাত্র ১ শতাংশ। থিংকবক্সের প্রধান নির্বাহী লিন্ডসি ক্লে বলেছেন, ‘টিভি অন্য মাধ্যমগুলোকে আরও কার্যকর করে, সামাজিক মাধ্যমকেও। ইনফ্লুয়েন্সারদের জন্য টিভি থেকে অর্থ সরিয়ে নেওয়া আত্মঘাতী।’
বিশ্বজুড়ে টিভিতে অবশ্য এখনো উল্লেখযোগ্য ব্যয় করছে ইউনিলিভার। গত গ্রীষ্মের ফিফা বিশ্বকাপে পৃষ্ঠপোষক হিসেবে ১২০টি বাজারে ১ লাখ কনটেন্ট তৈরি হয়েছিল এবং ৫০ হাজার ক্রিয়েটরের সঙ্গে কাজ হয়েছিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এআই টুলসহ প্রযুক্তি ব্যবহারে তারা ২০২৪ সালের তুলনায় ১২ গুণ বেশি কনটেন্ট তৈরি করতে পারছে এবং কনটেন্ট তৈরির খরচ ৯০ শতাংশ কমেছে।
ইউনিলিভারের বিপণন বাজেটের প্রায় ৭০ শতাংশ এখন ডিজিটাল চ্যানেলে ব্যয় হয়। গত বছর ফের্নান্দেজ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডিজিটাল ব্যয়ের অর্ধেক যাবে সামাজিক মাধ্যমে। শিল্পের হিসাব অনুযায়ী, গত বছর যুক্তরাজ্যে টিভি বিজ্ঞাপনে ইউনিলিভার প্রায় ৯ কোটি ২০ লাখ পাউন্ড ব্যয় করেছিল; ২০২৩ সালে সেই অঙ্ক ছিল ১২ কোটি ২০ লাখ পাউন্ড পর্যন্ত।
বিজ্ঞাপন সংস্থা ডেন্তসু ক্রিয়েটিভের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী জেসিকা ট্যামসেজ বলেছেন, ‘সব খাতের ব্র্যান্ডই ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে ব্যয় বাড়াচ্ছে। বিপণন ব্যয় চাপে থাকায় ইনফ্লুয়েন্সার মার্কেটিং স্বল্প ও দীর্ঘমেয়াদি দুই ধরনের ফলই দিচ্ছে, আর এআই যুক্ত হওয়ায় এর প্রয়োগ আরও নিখুঁত ও পরিমাপযোগ্য হয়েছে।’
এ বছরের মার্চে ইউনিলিভার যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাককরমিকের সঙ্গে তাদের খাদ্য ব্যবসা একীভূত করতে ৪ হাজার ৪৮০ কোটি ডলারের (৩ হাজার ৪২০ কোটি পাউন্ড) চুক্তিতে সম্মত হয়েছে, যেখানে নতুন প্রতিষ্ঠানের ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ থাকবে ইউনিলিভারের হাতে। এতে নর, মারমাইট ও পট নুডলের মতো ব্র্যান্ডের সঙ্গে ম্যাককরমিকের ফ্রেঞ্চস মাস্টার্ড, ওল্ড বে মসলা ও চোলুলা হট সস এক ছাতার নিচে আসছে। চুক্তিটি ২০২৭ সালের মাঝামাঝি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

