যুক্তরাজ্যে চালু হলো মেটার এআই এজেন্ট মিউজ, নজর রাখছেন নিয়ন্ত্রকেরা
লন্ডনে মঙ্গলবার যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য নিজের ব্যক্তিগত এআই এজেন্ট ‘মিউজ’ চালু করেছে মেটা। প্রতিষ্ঠানটি বলেছে, ফেরতের টাকা আদায়ে তাগাদা দেওয়া, গাড়ির বিমা নবায়ন করা থেকে শুরু করে বড়দিনের কেনাকাটা পর্যন্ত নানা কাজে এই সরঞ্জাম ব্যবহারকারীদের সাহায্য করবে।
এটিই যুক্তরাজ্যে কোনো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের চালু করা প্রথম এআই এজেন্ট পণ্য। ফলে নিয়ন্ত্রকেরা এর ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখবেন বলে জানানো হয়েছে।
ডিজিটাল রেগুলেশন কো-অপারেশন ফোরাম (ডিআরসিএফ) গত মাসে প্রকাশিত এক বিবৃতিতে সতর্ক করেছিল, এআই এজেন্ট পণ্য ভোক্তাদের জন্য ঝুঁকি আরও বাড়িয়ে দিতে এবং দ্রুত ছড়িয়ে দিতে পারে। এই ফোরামে রয়েছে কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি, ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি, অফকম এবং ইনফরমেশন কমিশন।
রয়টার্স গত সপ্তাহে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে চালু হওয়ার পর থেকে এই এজেন্টের নেওয়া অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ নিয়ে মেটার কর্মীরা ভেতরে ভেতরে উদ্বেগ জানিয়েছিলেন। এর মধ্যে ছিল এনক্রিপ্ট করা বার্তায় প্রবেশ করা এবং কেনাকাটা সম্পর্কে ভুল তথ্য দেওয়া। মেটার একজন মুখপাত্র বলেছিলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা।
মঙ্গলবার সকালে প্রকাশিত এক ব্লগ পোস্টে মেটা ব্যবহারকারীদের আশ্বস্ত করতে চেয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, এজেন্টটি ব্যবহারকারীর পক্ষে কাজ করার জন্য তৈরি হলেও মিউজ নকশাগতভাবেই ব্যক্তিগত, নিরাপদ ও সুরক্ষিত। ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন, এজেন্টের সঙ্গে তাঁদের আদান-প্রদান মেটার এআইয়ের উন্নয়নে ব্যবহার করা হবে কি না, তবে সেই সেটিং বন্ধ করতে হলে তাঁদের নিজে থেকে তা করতে হবে।
ব্লগ পোস্টে মেটা আরও বলেছে, তারা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করেছে এবং তা অব্যাহত রাখবে।
