…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

৬১ জেলার সাড়ে ৮ কোটি ভূমির রেকর্ড ডিজিটাল করতে ইউএনডিপির সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক
৬১ জেলার সাড়ে ৮ কোটি ভূমির রেকর্ড ডিজিটাল করতে ইউএনডিপির সঙ্গে চুক্তি
ছবি: সংগৃহীত

দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজড করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল লাউঞ্জে ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এবং ইউএনডিপির মধ্যে এই অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. পারভেজ হাসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

বাংলাদেশ সরকারের অর্থায়নে গৃহীত এই উদ্যোগের মূল লক্ষ্য ভূমি সংক্রান্ত তথ্যের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করা, নাগরিকদের জন্য ভূমিসেবা সহজলভ্য করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা দূর করা এবং সাধারণ মানুষের ভূমির মালিকানা ও অধিকার সুরক্ষা জোরদার করা।

হোল্ডিং ও খতিয়ানের যাবতীয় রেকর্ড একটি সমন্বিত ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হলে নাগরিকেরা ঘরে বসেই অনলাইনে নির্ভুল তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। এর ফলে ভূমিসেবা পেতে নাগরিকদের বারবার ভূমি অফিসে যাওয়ার ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে বলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে দেশের ভূমি ব্যবস্থাপনার চিত্র মোটেও সুখকর ছিল না। ভূমির সুষ্ঠু বণ্টন না থাকায় ভূমিদস্যুরা ছিল বেপরোয়া এবং ফড়িয়া-দালালদের দৌরাত্ম্যে খুনখারাবিসহ নানা অরাজকতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকত।

ভূমিমন্ত্রী বলেন, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। আগামীর বাংলাদেশে একটি আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইউএনডিপির সঙ্গে সরকারের এই চুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্ভেজাল ও নির্ভুল ডিজিটাল রেকর্ডই টেকসই ভূমিসেবার মূল ভিত্তি এবং এই অংশীদারত্ব ভূমি বিরোধ নিরসন, অনিয়ম-দুর্নীতি রোধ ও নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে মাইলফলক হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী দেশে একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, দেশে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ প্রায় ৮০ শতাংশ মামলা-মোকদ্দমার অবসান ঘটবে।

ভূমি নিয়ে বিরোধ ও হানাহানি কারওরই কাম্য নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী তথ্যের নির্ভুলতার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যাচাইকৃত ও নির্ভুল তথ্য সংরক্ষণ করা সবচেয়ে জরুরি। নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এই সুফল পৌঁছে দিতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপিকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও তিনি জানান।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, নির্ভুল ডিজিটাল তথ্যভান্ডার ছাড়া আধুনিক ভূমিসেবা কখনোই টেকসই হতে পারে না। ভূমি অফিসের রেকর্ড যত নির্ভুল হবে, সাধারণ মানুষের ভোগান্তি তত কমবে; এর ফলে ভূমিসংক্রান্ত বিরোধ ও মামলা কমবে এবং সরকারি রাজস্ব আদায়েও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হবে।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, সাফল্যের মাপকাঠি কেবল কতগুলো রেকর্ড ডিজিটাল করা হলো তা নয়; বরং নাগরিকেরা এই ডিজিটাল রেকর্ডের ওপর কতটা আস্থা রাখতে পারছেন, সেটিই মূল বিষয়। ভূমির অধিকার সুরক্ষা এবং সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে কারিগরি দক্ষতা ও মান বজায় রেখে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. পারভেজ হাসান এবং প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনার ওপর উপস্থাপনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালট্যান্ট মো. আতিকুল হক।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…