ফেনীর সোনাগাজীতে ডিএনসির পর গৃহবধূর মৃত্যু: অবহেলার অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি
ফেনীর সোনাগাজীতে ডিএনসি অস্ত্রোপচারের সময় চিকিৎসায় অবহেলার কারণে গৃহবধূ কামরুন নাহারের (৩২) মৃত্যুর অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহরাব আল হোসাইনকে প্রধান করে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ফেনী জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (সার্জারি) ডা. আদনান আহমেদ, কনসালটেন্ট (গাইনি) ডা. নিলুফা সুলতানা, কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. সমর চন্দ্র, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনি) ডা. ফাহমিদা ইয়াসমিন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফাহাদ।
কমিটির প্রধান ডা. সোহরাব আল হোসাইন জানান, তদন্তের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করা হবে।
ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবায় অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের অভিযোগ, গত ৭ নভেম্বর তিন মাসের অন্তঃসত্ত্বা কামরুন নাহারের গর্ভপাতের পর সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে ডিএনসি অস্ত্রোপচার করা হয়। এ সময় চিকিৎসায় অবহেলার কারণে তাঁর জরায়ু ফুটো হয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ফেনী, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা ৫১ মিনিটে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ১৯ নভেম্বর কামরুন নাহারের বড় বোন নূরজাহান আক্তার সোনাগাজী মডেল থানা ও ফেনীর সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেন। এতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দাবি করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে চরচান্দিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার পাড়ায় বাবার বাড়িতে জানাজা শেষে কামরুন নাহারকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তিনি একই ইউনিয়নের নদীভাঙা এলাকার এনামুল হকের মেয়ে। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন।
কামরুন নাহারের ভাই মাহফুজুল হক বলেন, ভুল চিকিৎসায় তাঁদের একটি পরিবার শেষ হয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তাঁর ভাষ্য, সিভিল সার্জন কার্যালয়ে পাঁচ দিন আগে অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, কামরুন নাহারের স্বজনেরা সোমবার সন্ধ্যায় থানায় এসে আইনি প্রক্রিয়া সম্পর্কে কথা বলেছেন। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



