পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশ, আট মিনিট ছিল পোলিশ আকাশে

পশ্চিম ইউক্রেনে হামলার সময় সোমবার রাতে সন্দেহভাজন একটি রুশ ড্রোন সংক্ষিপ্ত সময়ের জন্য পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছে। কর্তৃপক্ষ এই ঘটনাকে মস্কোর ‘ইচ্ছাকৃত কার্যকলাপ’ হিসেবে বর্ণনা করেছে।
ড্রোনটি নজরদারি সরঞ্জাম বহন করছিল বলে ধারণা করা হচ্ছে। এটি ইউক্রেনে ফিরে যাওয়ার আগে পোল্যান্ডের আকাশসীমায় আট মিনিট অবস্থান করে।
পোল্যান্ডের উপপ্রতিরক্ষামন্ত্রী পাভেল জালেভস্কি আরএমএফ২৪কে বলেছেন, এলাকার বেসামরিক সম্পত্তির ঝুঁকির কারণে সেনাবাহিনী ড্রোনটি গুলি করে ভূপাতিত না করার সিদ্ধান্ত নেয়।
এই অনুপ্রবেশের ঘটনা ঘটল মাত্র কয়েক দিন পর, যখন ইউক্রেনে বড় ধরনের হামলার সময় তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে এসে পড়েছিল।
ড্রোন অনুপ্রবেশের মাত্র কয়েক ঘণ্টা আগেই গত সপ্তাহের আকাশসীমা লঙ্ঘন নিয়ে জরুরি বৈঠক করে ন্যাটো। সেই বৈঠকে পোল্যান্ডে ন্যাটোর একটি এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (অ্যাওয়াকস) বিমান মোতায়েনের অনুমোদন দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে ন্যাটোর পূর্ব প্রান্তের দেশগুলোর সঙ্গে রাশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে। মস্কো এস্তোনিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে সতর্ক করেছে যে দেশটি ‘খোলা যুদ্ধ বাধানোর দ্বারপ্রান্তে’ কাজ করছে।
এদিকে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রায় ৬০টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর সরবরাহে বিলম্ব করছে পেন্টাগন।
ইউক্রেনের পশ্চিমা মিত্রদের অর্থায়নে কেনা এই ইন্টারসেপ্টরগুলোর পুনঃরপ্তানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সই প্রয়োজন, আর সেখানেই সরবরাহ আটকে আছে বলে তিনজন ব্যক্তি সংবাদপত্রটিকে জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার সতর্ক করে বলেছেন, দেশটির আকাশ রক্ষায় আরও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র জরুরি ভিত্তিতে প্রয়োজন। কঠিন শীতের জন্য প্রস্তুতি নেওয়া ইউক্রেনে রাশিয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে।

