ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে ‘প্রফেশনাল মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল প্ল্যানিং, ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এটি প্রোগ্রামটির অষ্টম ব্যাচ, যার সেশন জানুয়ারি থেকে জুন ২০২৭।
পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ পেশাজীবী তৈরির লক্ষ্যে দেড় বছর অর্থাৎ ১৮ মাস মেয়াদি এই কোর্সটি সাজানো হয়েছে।
অনুষদ সূত্রে জানা গেছে, তিন সেমিস্টারে বিভক্ত এই শিক্ষাক্রমে মোট ৪০ ক্রেডিট রয়েছে। ক্লাস হবে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার, যাতে চাকরিজীবী ও বিভিন্ন ক্ষেত্রে কর্মরত পেশাজীবীরা এতে অংশ নিতে পারেন।
শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ, উন্নত জিআইএস, রিমোট সেন্সিং ও এনভায়রনমেন্ট ল্যাবরেটরি এবং কেন্দ্রীয় লাইব্রেরি সুবিধা।
প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় নির্ধারিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বিভিন্ন ডিসিপ্লিনের স্নাতকেরা এই প্রোগ্রামে আবেদনের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশ খাত, দুর্যোগ ব্যবস্থাপনা, শিল্প ও উৎপাদনশীল খাত, দেশি-বিদেশি উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও মিডিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় যুক্ত ব্যক্তিদের জন্য এটি একটি সময়োপযোগী উচ্চতর ডিগ্রি হিসেবে কাজ করবে। জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব ও আধুনিক পরিবেশগত পরিকল্পনা নিয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে চান এমন তরুণ গ্র্যাজুয়েটদের জন্যও কোর্সটি প্রাসঙ্গিক।
আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতেই।
ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর বেলা সাড়ে তিনটায় লিখিত পরীক্ষা হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভর্তিপ্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে এবং আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন ব্যাচের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে।




