…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

৯৬ বছরের জন্য ফিফার বাণিজ্যিক স্বত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো, যুক্ত ছিল কুশনারের প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
৯৬ বছরের জন্য ফিফার বাণিজ্যিক স্বত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো, যুক্ত ছিল কুশনারের প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

ফিফার বাণিজ্যিক স্বত্বের প্রায় অর্ধেক সর্বোচ্চ ৯৬ বছরের জন্য বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রায় ২০ বিলিয়ন ডলারের এই পরিকল্পনায় যুক্ত ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ স্পোর্টসের হাতে আসা ফিফার অভ্যন্তরীণ নথিতে এসব তথ্য উঠে এসেছে। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামের পরিকল্পনাটির আওতায় ফিফার বিভিন্ন প্রতিযোগিতার সব বাণিজ্যিক স্বত্ব একটি মুনাফাভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রস্তাব ছিল। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ৯৬ বছর এসব স্বত্ব বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারত।

নথি অনুযায়ী, ফিফা শেষ পর্যন্ত নতুন উদ্যোগটির ৫১ শতাংশ মালিকানা নিজেদের হাতে রাখার কথা বিবেচনা করেছিল। অথচ থ্রাইভ ক্যাপিটালের সঙ্গে অন্য একটি প্রস্তাবিত চুক্তিতে ফিফার মালিকানা প্রায় ৮০ শতাংশ থাকার কথা ছিল।

৫১ শতাংশ মালিকানা চিরস্থায়ীভাবে ফিফার হাতে রাখার পাশাপাশি সাত সদস্যের পরিচালনা পর্ষদের চারটি পদও সংস্থাটির নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা ছিল। এর মধ্যে দুটি পদে থাকতেন ফিফা সভাপতি ও মহাসচিব।

বিশ্বকাপ ফাইনালের দুই দিন আগে, ১৭ জুলাই, ফিফা প্রস্তাবিত অংশীদারত্ব নিয়ে একটি ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে। পরদিনের স্মারকলিপিতে বলা হয়, চুক্তিটি ১২ বছর মেয়াদি লাইসেন্সের ভিত্তিতে চলবে, যা নবায়নের মাধ্যমে সর্বোচ্চ ৯৬ বছর পর্যন্ত বাড়ানো যাবে।

থ্রাইভ ক্যাপিটালের তৈরি শর্তপত্র ও ‘ব্যাকস্টপ লেটারে’ প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল ‘প্রজেক্ট বক্স’। এতে ব্যবস্থাপনা পর্যায়ের ব্যক্তিদের জন্য মোট শেয়ারের ৫ শতাংশ বোনাস হিসেবে রাখার প্রস্তাব ছিল। প্রকল্পের মূল্য বাড়লে এই বোনাস দেওয়া হতো। তবে কারা এই সুবিধা পেতেন, তা নির্দিষ্ট করা হয়নি। ফিফার স্মারকলিপিতে বলা হয়, ভালো কাজের জন্য ব্যবস্থাপনা দলকে উৎসাহিত করতেই এই ব্যবস্থা।

এ ছাড়া প্রকল্প শুরুর আট বছর পর এফএফইর একটি অংশ শেয়ারবাজারে ছাড়ার পরিকল্পনাও ছিল। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও অর্থ আয়ের সুযোগ তৈরি হতো।

নথিতে বলা হয়েছে, প্রকল্পটির জন্য কোনো উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়নি। বিনিয়োগের বিশেষ ও স্বতন্ত্র প্রকৃতিকে এর কারণ দেখানো হয়। এমনকি ফিফার নিজস্ব অর্থ বিভাগও লেনদেনের শর্ত সম্পর্কে সরাসরি অবগত ছিল না।

পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর ইনফান্তিনোর প্রায় এক দশকের নেতৃত্বে সবচেয়ে বড় সংকট তৈরি হয় এবং তাঁর ক্ষমতাও হুমকির মুখে পড়ে। তাঁকে সরানোর চেষ্টা চললেও বর্তমানে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন এবং পরবর্তী নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার সবচেয়ে বড় দাবিদার। আগামী চার বছরের মেয়াদটিই তাঁর শেষ মেয়াদ হওয়ার কথা। নতুন নথিগুলো তাঁর বিরোধীরা নির্বাচনে ব্যবহার করতে পারেন, যদিও এর প্রভাব এখনো অনিশ্চিত।

ফিফার মুখপাত্র বলেছেন, এফএফই পরিকল্পনা বাস্তবায়নে সদস্য অ্যাসোসিয়েশন ও ফিফা কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হতো। প্রস্তাবিত বোনাস কেবল এফএফইর ব্যবস্থাপনা দলের জন্য ছিল, ফিফার কর্মকর্তাদের জন্য নয়। তাঁর দাবি, পরিচালনা পর্ষদে ফিফার শীর্ষ কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত পারিশ্রমিক পাওয়ার কথা ছিল না। ফিফা সভাপতির পারিশ্রমিক নির্ধারণ করে স্বাধীন উপকমিটি।

এ বিষয়ে মন্তব্য জানতে থ্রাইভ ক্যাপিটালের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোট…

অর্থনীতি ও ব্যবসা

অজান্তেই বিক্রি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য: বিজ্ঞাপনের আড়ালে কয়েক বিলিয়ন ডলারের বাজার

স্মার্টফোনে আবহাওয়ার খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা কিংবা গাড়ি চালানোর মতো দৈনন্দিন কাজের তথ্য ব্যবহারকারীর অজান্তেই একাধিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে …

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তিন সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়ে…