হামের উপসর্গে এক দিনে আরও ৯ জনের মৃত্যু, উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৮৩ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৮৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।
একই ২৪ ঘণ্টায় ৬৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা ও সিলেট বিভাগে—তিনজন করে।
এ ছাড়া বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
এর আগের ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি বলে বিজ্ঞপ্তির হিসাবে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৫৬ জন।
হামের উপসর্গ নিয়ে বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। এ বিভাগে মারা গেছেন ৫৬৩ জন।
এরপর সিলেট বিভাগে মারা গেছেন ২২৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ১২৯ জন।
ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৫ জন, রাজশাহী বিভাগে ৯৩ জন।
বরিশাল বিভাগে মারা গেছেন ৭১ জন, খুলনা বিভাগে ৬২ জন এবং রংপুর বিভাগে ১৮ জন।




