সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, বসেছে চেকপোস্ট, টহলে থার্মাল ড্রোন

সাতক্ষীরা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে, জোরদার করা হয়েছে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুজ্জামান জানান, ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশিতে চেকপোস্টের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্তের অন্ধকারাচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ এলাকায় সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে টহল দেওয়া হচ্ছে বলে জানান ৩৩ বিজিবির অধিনায়ক।
স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।




