কিশোরগঞ্জের হাওরে তিন উপজেলার পশু হাসপাতালে ৩৩ পদের ১৯টিই শূন্য, চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে খামারিরা

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের তিন উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালগুলো চিকিৎসক ও জনবল সংকটে নিষ্প্রাণ হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে ৭০ ভাগ পদ শূন্য থাকায় এ অঞ্চলের ভেটেরিনারি সেবা মুখ থুবড়ে পড়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের এই সেবাকেন্দ্রগুলো সাধারণত গৃহপালিত পশুপাখির চিকিৎসা, টিকাদান, কৃত্রিম প্রজনন ও খামারিদের খামার ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে।
কৃষিনির্ভর তিন উপজেলায় কৃষকের বিপুল পরিমাণ গরু-মহিষ, ছাগল-ভেড়া ও গৃহপালিত গবাদিপশুর চিকিৎসাসেবায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ছাড়া বিকল্প নেই। দীর্ঘদিন ধরে চরম জনবল সংকটে কৃষক ও খামারিরা হাঁস-মুরগি ও গবাদিপশুর চিকিৎসা নিয়ে ভোগান্তিতে পড়ছেন। সময়মতো চিকিৎসক না পাওয়া ও পর্যাপ্ত ওষুধের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা।
প্রতি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ একজন করে ভেটেরিনারি সার্জন, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কর্মী, অফিস সহকারী, অফিস সহায়ক, ড্রেসার, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট, কম্পাউন্ডার এবং তিনজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ ১১টি পদ রয়েছে। সেই হিসাবে তিন উপজেলার তিনটি পশু হাসপাতালে ৩৩টি পদের মধ্যে ফাঁকা ১৯টি। কর্মরত ১৪ জনের মধ্যে একজন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন আর তিনজন অন্যত্র প্রেষণে রয়েছেন।
অষ্টগ্রামে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, অফিস সহকারী, অফিস সহায়ক, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট, কম্পাউন্ডার ও ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের সাতটি পদ শূন্য। ড্রেসার মো. শাওন সরদার দুই বছর ধরে রাজবাড়ী উপজেলায় প্রেষণে কর্মরত।
ইটনায় ভেটেরিনারি সার্জন, অফিস সহায়ক, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট ও দুই ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ পাঁচটি পদ শূন্য। এখানে ড্রেসার হিসেবে যাঁকে পদায়ন করা হয়েছিল, তিনি দুই বছর ধরে সাভার ডেইরি ফার্মে প্রেষণে দায়িত্বরত।
মিঠামইনে চলতি মাসে যোগদান করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত সাহা। তবে ভেটেরিনারি সার্জন, অফিস সহকারী, অফিস সহায়ক, উপজেলা লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট, কম্পাউন্ডার ও দুই ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ হাসপাতালে ফাঁকা পদ সাতটি। ২০২৫ সালে যোগদানের শুরু থেকেই ড্রেসার প্রেষণে কর্মরত রয়েছেন ঢাকা চিড়িয়াখানায়।
ইটনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোহাম্মদ মেহেদী বলেন, হাওরাঞ্চলের বিপুল পরিমাণ প্রাণীর চিকিৎসায় চিকিৎসক একেবারেই কম। স্বল্প জনবলে অধিক সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তারপরও সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি দ্রুত জনবল বাড়ানোর দাবি জানান।
মিঠামইন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত সাহা বলেন, এখানে প্রাণী বেশি, চিকিৎসক কম। কখনো কখনো দিন-রাত বিরতিহীন চিকিৎসা দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়তে হয়। হাসপাতালে গবাদিপশুর চিকিৎসা ছাড়াও পাতলা পায়খানা, জ্বর, কৃমিসহ বিভিন্ন রোগে আট থেকে ১০ রকমের ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয়, যদিও তা চাহিদার মাত্র ৮ থেকে ১০ শতাংশ বলে তিনি জানান।
অষ্টগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে সুনসান নীরবতা দেখা গেছে। দেওঘর ইউনিয়নের কৃষক মফিজ উদ্দিন (৫৩) বলেন, ‘গরু-বাছুরের অসুখ হলে দৌড়ে আসি পশু হাসপাতালে। এখানে থাকে না ডাক্তার, পাই না ওষুধ, এরপর নিরুপায় হয়ে গ্রাম্য পশু ডাক্তারের শরণাপন্ন হই। এতে খরচ ও কষ্ট দুটাই বেশি হয়।’
মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের হাঁস ও গরু খামারি তাসলিমা আক্তার (৩৩) বলেন, ‘খামারের গরু-হাঁস অসুস্থ হলে দুশ্চিন্তায় পড়ে যাই। পশু হাসপাতালে গেলে ডাক্তার নাই, ওষুধ নাই। দ্রুত পশু হাসপাতালে ডাক্তার ও ওষুধ না দিলে খামার চালানো সম্ভব হবে না।’
কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান বলেন, ‘জনবল সংকটের কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চিঠি দিয়েও অবহিত করেছি। প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছে, আশা করি দ্রুত পদায়ন হবে। আর প্রেষণ বাতিলের জন্য আবারও চিঠি পাঠানো হবে।’




