খুলনার লবণচরায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি

খুলনা নগরীর লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মামুন নামে এক ব্যক্তি দীর্ঘদিন টুটুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত কয়েক মাস ধরে তিনি বাড়ির ভাড়া পরিশোধ করেননি এবং ভাড়া নিয়ে মামুনের সঙ্গে টুটুলের বাক্বিতণ্ডা হয়।
গত কয়েক দিন আগে ভিডিও কলে মামুন নুর আজিমের ছবি বাড়ির মালিক টুটুলকে দেখান। মামুন জিজ্ঞেস করেন, ‘এঁকে চিনতে পেরেছেন?’ উত্তরে টুটুল বলেন, ‘না, আমি তাকে চিনি না।’ এরপর সব কিছু স্বাভাবিক ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে টুটুল বাড়ি থেকে বের হন। এরপর দুপুর আড়াইটার দিকে কয়েকজন সন্ত্রাসী বাড়ির পেছন থেকে তাঁর বাড়িতে প্রবেশ করে দুই রাউন্ড ফাঁকা গুলি করে।
লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সঠিক তথ্য জানার চেষ্টা করছি। কারা এবং কী কারণে এখানে গুলির ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করছি।’




