যুক্তরাষ্ট্রে এক বছরে স্কুলবাস চালক কমেছে ৫ শতাংশ, ২০১৯ সালের তুলনায় কম ৩৪ হাজার

যুক্তরাষ্ট্রে স্কুলবাস চালকের সংখ্যা গত এক বছরে ৫ শতাংশ কমেছে। একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, কম মজুরি, খারাপ কর্মপরিবেশ এবং স্কুলের বাজেট ঘাটতির মধ্যে চালকেরা এই পেশা ছাড়ছেন।
ইকোনমিক পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৯ সালের তুলনায় মোট স্কুলবাস চালকের সংখ্যা এখন ১৫ শতাংশ কম, সংখ্যায় প্রায় ৩৪ হাজার।
২০২৫ সাল থেকে ২০২৬ সালে ৫ শতাংশ কমার অর্থ প্রায় ১০ হাজার ২০০ চালক কমে যাওয়া। ২০২২ সালের পর এটিই সবচেয়ে বড় এক বছরের পতন। এই কর্মীরা প্রতিদিন আনুমানিক ২ কোটি ৬০ লাখ শিশুকে পরিবহন করেন, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গণপরিবহন কর্মসূচি।
ইলিনয়ের শিকাগোতে ১৬ বছর ধরে স্কুলবাস চালক হিসেবে কাজ করা ডন ফ্রিডেনবার্গ বলেছেন, প্রশিক্ষণ ও লাইসেন্স পাওয়ার দীর্ঘ প্রক্রিয়া নতুন চালকদের নিরুৎসাহিত করতে পারে। নতুন চালকদের যথাযথ বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স (সিডিএল) নিতে হয় এবং ব্যাপক প্রশিক্ষণ ও পটভূমি যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়, যে প্রক্রিয়ায় সপ্তাহের পর সপ্তাহ বিনা বেতনে কাজ করতে হয়।
ফ্রিডেনবার্গ বলেছেন, এই অর্থনীতিতে বেশিরভাগ মানুষের পক্ষে বেতন ছাড়া নতুন চাকরিতে এতটা সময় দেওয়া সহজ নয়।
চাকরি পাওয়ার পর মজুরি সাধারণত ঘণ্টায় ১৯ থেকে ২৭ ডলার হয়, তবে বেশিরভাগ চালক স্কুল বছরে সপ্তাহে গড়ে ৪০ ঘণ্টা কাজ পান না এবং স্কুল ছুটির সময় কোনো বেতন পান না। তিনি আরও বলেছেন, খুব কম ঠিকাদার বা স্কুল জেলাই স্বাস্থ্যবিমার মতো অতিরিক্ত সুবিধা দেয়।
ফ্রিডেনবার্গ জানান, তার বর্তমান জেলা বছরে ১৭৪ স্কুল দিবসের জন্য দিনে পাঁচ ঘণ্টা কাজের নিশ্চয়তা দেয়, তবে রুটের দায়িত্ব অনুযায়ী কাজের সময় ভোর ৫টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টার মধ্যে যেকোনো সময় পড়তে পারে। মাঠভ্রমণের মতো অতিরিক্ত কাজের সুযোগ কখনো কখনো থাকলেও সাধারণত ভ্রমণের চেয়ে চালক বেশি থাকে।
চালক সংকটের কারণে স্কুল জেলাগুলো প্রায়ই বাসের রুট কাটছাঁট ও একীভূত করতে বাধ্য হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের ২০২৫ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ স্কুল জেলা বাসচালক সংকটে আক্রান্ত হয়েছে এবং ৭৩ শতাংশ বাজেট ঘাটতি থেকে সংকটের মুখে পড়েছে।
ইরানের সঙ্গে যুদ্ধ এবং রাশিয়ার ইউক্রেন যুদ্ধের মধ্যে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বাজেট সমস্যা আরও বেড়েছে। এতে ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত আগের বছরের তুলনায় স্কুল জেলাগুলোর আনুমানিক অতিরিক্ত ১১০ কোটি ডলার খরচ হয়েছে।
মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়ের পর ২০২৬ সালের সেপ্টেম্বরে স্কুলবাস চালকদের মজুরি ২০২৫ সালের সেপ্টেম্বরের তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে, যেখানে অন্য বাসচালকদের বেতন স্থিতিশীল রয়েছে। ২০২৬ সালে স্কুলবাস চালকদের মধ্যমা ঘণ্টাপ্রতি বেতন ছিল ২২ দশমিক ৪৯ ডলার, যেখানে সব বাসচালকের মধ্যমা বেতন ২৩ দশমিক ৮৯ ডলার। সব বাসচালকের মধ্যে স্কুলবাস চালক ৩৯ দশমিক ৪ শতাংশ।
চালকেরা বলেছেন, কোভিড-১৯ মহামারির পর থেকে শিক্ষার্থীদের আচরণও খারাপ হয়েছে এবং প্রশাসন ও অভিভাবকদের মাঝখানে পড়ে যাওয়ায় আচরণগত সমস্যা সামাল দেওয়া চালকদের জন্য কঠিন হয়ে পড়েছে।
কানেকটিকাটে ২০২০ সালে স্কুলবাস চালক হিসেবে কাজ শুরু করা পিটার স্যান্ডলার বলেছেন, অনেক বাসচালক অবসরপ্রাপ্ত, যা এই পেশায় কর্মী বদলের হার বাড়ায়। চালক সংকটের কারণে তার সাবেক ঠিকাদার বাসের রুট একীভূত করে প্রতিটি বাসে শিশুর সংখ্যা বাড়িয়েছিল।
স্যান্ডলার বলেছেন, এতে বাসগুলো ধারণক্ষমতা পর্যন্ত ভরে যায়, যা চালকের জীবন দুর্বিষহ করে তোলে। তিনি আরও বলেছেন, দিনে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টা বেতনের কাজ এবং স্কুল বন্ধ থাকলে সামান্য কাজ থাকায় স্কুলবাস চালক হিসেবে জীবিকা নির্বাহ করা অর্থনৈতিকভাবে সম্ভব নয়।
স্যান্ডলার জানান, গ্রীষ্মের কাজ ও চার্টার কাজ যোগ করলেও বছরে ৪০ হাজার ডলার পার করা কঠিন। তিনি বলেছেন, এটি খুব বেশি অর্থ নয়, বিশেষ করে এমন এলাকায় যেখানে সবচেয়ে সস্তা এলাকাগুলোতেও এক শোবার ঘরের অ্যাপার্টমেন্টের ভাড়া মাসে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ ডলার এবং ভালো এলাকায় মাসে ২ হাজার ডলারের বেশি।
ওরেগনের বিভারটন স্কুল জেলার চালক আন্তোনিয়া নামনাথ বলেছেন, তার স্কুল জেলায় চালক সংকট নেই, কারণ সেখানে চালকেরা ভালো মজুরি পান। সেখানে শুরুর মজুরি ঘণ্টায় ২৬ থেকে ৩৩ ডলার এবং ওরেগন স্কুল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (ওএসইএ চ্যাপ্টার ৪৮)-এর সঙ্গে ইউনিয়ন চুক্তি অনুযায়ী বার্ষিক বৃদ্ধি হয়।
নামনাথ বলেছেন, সেখানে ভালো মজুরি, স্বাস্থ্য সুবিধা, চোখ ও দাঁতের সুবিধাসহ অবিশ্বাস্য সুবিধা পাওয়া যায়। তিনি বলেছেন, শিশুদের নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া এবং নিরাপদভাবে শিক্ষার্থীদের সামলানোর যে দায়িত্ব চালকেরা নেন, তার জন্য তাদের ভালোভাবে পারিশ্রমিক দিতে হবে।
মিশিগানের কালামাজুর বাইরের চালক মেলিসা ফে ফ্রান্স বলেছেন, চিকিৎসা বিমা না থাকা এবং কম বেতনের কারণে পেশা ছাড়া অনেক চালকের কাছে আকর্ষণীয় বিকল্প হয়ে ওঠে। তিনি বলেছেন, চালক হিসেবে দায়িত্ব এবং সিডিএল ধরে রাখার বিষয়টি বিবেচনায় মজুরি তার সঙ্গে মিলতে হবে এবং স্কুলগুলো তাদের দিকের দায়িত্ব পালন করছে না।



