…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কার্পেটিংয়ের সাত দিনের মাথায় গোসাইরহাটে ধসে পড়ল ৫০ মিটার সড়ক, ৬ কোটি ৭৮ লাখ টাকার কাজের মান নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
কার্পেটিংয়ের সাত দিনের মাথায় গোসাইরহাটে ধসে পড়ল ৫০ মিটার সড়ক, ৬ কোটি ৭৮ লাখ টাকার কাজের মান নিয়ে প্রশ্ন
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার লাকাচুয়া-সামন্তসার বাজার সড়কের প্রায় ৫০ মিটার অংশ কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়েছে। ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা সড়কটির আরও পাঁচটি স্থানে ছোট ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত সড়কের ধসে পড়া অংশে পিচসহ নিচের মাটি সরে বড় গর্ত তৈরি হয়েছে। সড়কটি দিয়ে চলাচলকারী মানুষের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক সংস্কারের সময় পাশের খাল থেকে মাটি কেটে এনে সড়কের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মাটি ধরে রাখতে প্রয়োজনীয় পাইলিং বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তাঁদের দাবি।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ১২০ মিটার সড়ক সংস্কারে বরাদ্দ দেওয়া হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা।

দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির হয়ে কাজ বাস্তবায়ন করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।

সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। তবে সাত দিনের মাথায় ধস ও ফাটল দেখা দেওয়ায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, রাস্তা করার সময়ই এই জায়গায় ভাঙছিল। তখন খালের পাশ থেকে ভেকু দিয়ে মাটি এনে এখানে ফেলা হয়। তাঁরা বলেছিলেন, এই মাটি দিলে আবারও ভাঙবে। কিন্তু তাঁদের কথা শোনা হয়নি। কোনোরকম বালু আর খোয়া দিয়ে কাজ করে পিচ ঢেলে চলে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রথমবার ভাঙার পর ঠিকমতো কাজ করলে আজ এমন হতো না বলেও তিনি বলেন।

আরেক বাসিন্দা মো. নিজাম ঢালী বলেন, এক সপ্তাহও হয়নি, রাস্তা ভেঙে পড়েছে। রাস্তার পাশে পাইলিং দরকার ছিল, কিন্তু তা করা হয়নি। উল্টো রাস্তার পাশ থেকেই মাটি কেটে রাস্তায় দেওয়া হয়েছে। পাশে মাটি না থাকলে রাস্তা টিকবে কীভাবে—প্রশ্ন তোলেন তিনি। রাস্তাটি সঠিকভাবে মেরামতের দাবি জানান তিনি।

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, সড়কটি এখনো তাঁদের বুঝিয়ে দেওয়া হয়নি। এ বিষয়ে ঠিকাদার জিয়া জমাদ্দারের সঙ্গে কথা বলতে বলেন তিনি।

নির্মাণকাজে ত্রুটির অভিযোগ নিয়ে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসে পড়েছে। সড়কের কাজ এখনো শেষ হয়নি। ধসে পড়া অংশে পুনরায় মেরামতের কাজ চলছে।

স্থানীয়দের দাবি, শুধু ধসে পড়া অংশ মেরামত করলেই হবে না; পুরো সড়কের নির্মাণকাজের গুণগত মান ও ধসের প্রকৃত কারণ পরীক্ষা করতে হবে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে টেকসইভাবে সড়কটি মেরামতের দাবিও জানিয়েছেন তাঁরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…