রুশ ও বেলারুশীয় ক্রীড়াবিদদের ভিসা বন্ধে ‘জরুরি’ পদক্ষেপের দাবি ইইউর সাত দেশের
রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের ভিসা দেওয়া বন্ধ করতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাতটি দেশ। আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলো ইউক্রেনে মস্কোর পূর্ণমাত্রার আগ্রাসনের পর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করায় এই আহ্বান এল।
সোমবারের তারিখ দেওয়া এক যৌথ চিঠিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, সুইডেনের উলফ ক্রিস্টারসন ও পোল্যান্ডের ডোনাল্ড টাস্ক এবং ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাতভিয়া ও লিথুয়ানিয়ার নেতারা সতর্ক করেছেন, রাশিয়ার ক্রীড়াক্ষেত্রে ফেরা ক্রেমলিনের জন্য একটি জয় হিসেবে কাজ করবে।
ইউরোপীয় কমিশন সোমবার রুশ পতাকার অধীনে প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রীড়াবিদদের নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে এবং নিষেধাজ্ঞা অনুমোদিত হলে সরকারগুলোকে তাঁদের ভিসা না দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। প্রস্তাবিত নিষেধাজ্ঞার জন্য এখনো ইইউর সব ২৭টি দেশের সমর্থন প্রয়োজন।
সাত দেশের নেতারা চান, সরকারগুলো এখনই রুশ ও বেলারুশীয় ক্রীড়াবিদদের ভিসা দেওয়া বন্ধ করুক — এই পদক্ষেপে নিরপেক্ষ ব্যানারে খেলার ছাড়পত্র পাওয়া ক্রীড়াবিদরাও বাইরে থেকে যেতে পারেন। তাঁরা রাশিয়া থেকে অপ্রয়োজনীয় ভ্রমণ আরও সীমিত করতে ইইউর ভিসা নিয়ম কঠোর করারও দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব ২০২৭ সালের শুরুর আগে আসছে না বলে তাঁরা বলছেন, বিষয়টি অপেক্ষা করার মতো ‘অতি জরুরি’।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে লেখা চিঠিতে নেতারা বলেছেন, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুশ রাষ্ট্রকে অংশগ্রহণকারী পাঠাতে দেওয়া হলে তা রাশিয়ার আগ্রাসী যুদ্ধের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার সংকেত পাঠানোর ঝুঁকি তৈরি করে।’ তাঁরা লিখেছেন, ‘খেলাধুলা ও ভূরাজনীতিকে আলাদা করা একেবারেই অসম্ভব।’
এই বিতর্ক শীতকালীন ক্রীড়ায় ইতিমধ্যে চলছে। আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশন এই মৌসুমে রাশিয়া ও বেলারুশের ৪০০ জনের বেশি ক্রীড়াবিদ ও সহায়ক কর্মীকে নিরপেক্ষ হিসেবে অংশ নেওয়ার ছাড়পত্র দিয়েছে।
তা সত্ত্বেও পোল্যান্ড উইসলা ও জাকোপানেতে বিশ্বকাপ আয়োজনে রুশ স্কি জাম্পারদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুইডেন ফেব্রুয়ারিতে নিজ দেশে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে রুশ স্কিয়ারদের বাদ দেওয়ার পদক্ষেপ নিয়েছে। ফিনল্যান্ডের প্রবেশ নিষেধাজ্ঞার কারণে সাবেক ফিগার স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়ন আনাস্তাসিয়া মিশিনা ও আলেকসান্দর গালিয়ামভ গত সপ্তাহান্তে হেলসিঙ্কির প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।
ক্রীড়া সালিশি আদালতের ৩০ অক্টোবরের এক সিদ্ধান্তের পর রুশ হকি দলগুলোকেও আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে ফিরতে দেওয়া হয়েছে। তবে ডিসেম্বরে একটি যুব প্রতিযোগিতার আয়োজক কানাডা রুশ দলকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, আর একাধিক ইউরোপীয় দেশ বলেছে, আগামী মে মাসে জার্মানিতে অনুষ্ঠেয় পুরুষদের সিনিয়র প্রতিযোগিতায় তারা অংশ নেবে না। বার্লিন রুশ দলগুলোর ওপর নিষেধাজ্ঞা নবায়নের পক্ষে চাপ দিচ্ছে।
সাতটি দেশ বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনে তাদের যুক্তি তুলে ধরার পরিকল্পনা করেছে।
