মাছ চাষে অ্যান্টিমাইক্রোবিয়ালের দায়িত্বশীল ব্যবহার নিয়ে মৎস্য অধিদপ্তরের কর্মশালা
মৎস্য চাষে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ ও অ্যান্টিমাইক্রোবিয়ালের দায়িত্বশীল ব্যবহার নিয়ে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্টতায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় নিরাপদ মাছ উৎপাদন এবং জনস্বাস্থ্য সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।
কর্মশালার আলোচনায় উঠে আসে, মাছ চাষে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অন্যান্য ওষুধের সঠিক ও নির্ধারিত মাত্রায় ব্যবহার নিশ্চিত করতে হবে। রোগ প্রতিরোধ বা অন্য কোনো অজুহাতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক বা রাসায়নিক ব্যবহার না করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় বলা হয়, অনিয়ন্ত্রিত অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার মাছের স্বাস্থ্য, পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। এ কারণে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্ষতিকর প্রভাব সম্পর্কে চাষি ও সংশ্লিষ্টদের সচেতন করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
নিরাপদ মাছ উৎপাদন বাড়াতে মানসম্মত পোনা, সঠিক ঘনত্বে মাছ ছাড়া ও রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয় কর্মশালায়। এ ছাড়া রোগ নির্ণয়ের পর বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়ার বিষয়টিও আলোচিত হয়।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন, এমপি।
কর্মশালায় বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানীরা এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



