…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বরিশালের মুলাদীতে সেতু আছে, পাটাতন নেই: তিন বছর ধরে লোহার কাঠামোর ওপর ঝুঁকির পারাপার

নিজস্ব প্রতিবেদক
বরিশালের মুলাদীতে সেতু আছে, পাটাতন নেই: তিন বছর ধরে লোহার কাঠামোর ওপর ঝুঁকির পারাপার
ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের মিয়ারচর খালের ওপর নির্মিত লোহার সেতুটি প্রায় তিন বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। পাটাতন ভেঙে খুলে পড়ায় সেতুর লোহার কাঠামো ও রডের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী, নারী ও বয়োজ্যেষ্ঠরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে মিয়ারচর খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। খালের পানির স্রোতে ভাঙন সৃষ্টি হওয়ায় কয়েক বছর আগে সেতুর খুঁটি দেবে যায়। এতে পাটাতনে ফাটল ধরে এবং একপর্যায়ে কংক্রিটের অংশ খুলে পড়তে শুরু করে।

মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী মিয়ারচর গ্রামের এই খালটি আড়িয়াল খাঁ নদ থেকে এসেছে।

সেতুটি দিয়ে প্রতিদিন নাজিরপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ, মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়, মিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়ারচর দাখিল মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যাতায়াত করে। পাটাতন না থাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা।

স্থানীয় বাসিন্দা রাসেল মুক্তাদির বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পাটাতন খুলে যাওয়ায় লোহার কাঠামোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। তিনি দ্রুত নতুন সেতু নির্মাণের পাশাপাশি আপাতত অস্থায়ী পারাপারের ব্যবস্থা করার দাবি জানান।

মিয়ারচর গ্রামের আলী আশ্রাফ ব্যাপারী বলেন, নির্মাণের কয়েক বছরের মধ্যেই সেতুর খুঁটি দেবে যায়। পরে কংক্রিটের পাটাতনও খসে পড়তে শুরু করে। নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়ে সেতুটি ভাঙা হলেও কাজ আর এগোয়নি। বর্তমানে শুধু লোহার কাঠামো অবশিষ্ট রয়েছে, সেটির ওপর দিয়েই মানুষ চলাচল করছে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. মুসা সিকদার বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় এলাকার মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণ করা হলে মানুষের ভোগান্তি কমবে বলে তিনি মন্তব্য করেন।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, সেতুটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বরাদ্দের অভাবে কাজ করা সম্ভব হয়নি।

নাজিরপুর ইউনিয়নের প্রশাসক ও মুলাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, নথি অনুযায়ী ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছিল। খালের স্রোতে কয়েক বছর আগে খুঁটি দেবে যাওয়ায় পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। পরে সেতুটি ভেঙে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শেষ করা হবে বলে তিনি জানান।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, শিগগিরই সেতুটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…