যুক্তরাজ্যে অপরাধের ভুক্তভোগীরা ‘প্রতিটি পর্যায়ে’ ব্যর্থতার শিকার: ভিকটিমস কমিশনার

যুক্তরাজ্যে অপরাধের ভুক্তভোগীরা বিচারব্যবস্থার প্রতিটি পর্যায়ে ব্যর্থতার শিকার হচ্ছেন বলে মন্ত্রীদের সতর্ক করেছেন ইংল্যান্ড ও ওয়েলসের ভিকটিমস কমিশনার ক্লেয়ার ওয়াক্সম্যান। সংস্কার না হলে শিগগিরই পুলিশের কাছে অপরাধের অভিযোগ জানানোই অর্থহীন হয়ে পড়বে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
ওয়াক্সম্যান অ্যান্ডি বার্নহ্যামকে আহ্বান জানিয়েছেন, আগামী মাসে প্রকাশিত হতে যাওয়া সরকারের ১০ বছরমেয়াদি পরিকল্পনার কেন্দ্রে যেন বিচারব্যবস্থার সংস্কার রাখা হয়, কারণ ভুক্তভোগীরা প্রতিটি পর্যায়ে ব্যর্থ হচ্ছেন।
তিনি বলেন, কারাগারে ভিড় কমাতে বন্দীদের আগাম মুক্তি, আদালতে দীর্ঘ অপেক্ষা এবং পুলিশের সঙ্গে যোগাযোগের অসুবিধা ভুক্তভোগীদের আস্থা নষ্ট করেছে।
বিবিসির ‘পলিটিক্যাল থিংকিং উইথ নিক রবিনসন’ পডকাস্টে ওয়াক্সম্যান বলেন, বিচারব্যবস্থায় বিনিয়োগ কম হয়েছে এবং এটি অব্যবস্থাপনায় ভুগেছে। তিনি বলেন, ‘এটা চলতে পারে না। নইলে ভিকটিমস কমিশনার হিসেবে আমাকে প্রকাশ্যে ভুক্তভোগীদের সৎভাবে বলতে হবে যে সামনে এসে অভিযোগ জানিয়ে কোনো লাভ নেই।’
মঙ্গলবার প্রকাশিত কমিশনারের সর্বশেষ বার্ষিক জরিপে ৬ হাজারের বেশি ভুক্তভোগী অংশ নেন। জরিপে দেখা গেছে, অনেকেই বিচারের জন্য দীর্ঘ অপেক্ষার মুখে পড়েছেন। যাঁদের মামলা ক্রাউন কোর্টে গেছে, তাঁদের ৪৭ শতাংশের বিচার পিছিয়ে গেছে; ২৮ শতাংশ জানিয়েছেন, বিচার মূল নির্ধারিত তারিখের এক বছরের বেশি সময় পরে হয়েছে।
প্রায় প্রতি তিনজনের একজন (২৮ শতাংশ) ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। কৃষ্ণাঙ্গ ভুক্তভোগীদের মধ্যে এই হার ৩৮ শতাংশ এবং এশীয় ভুক্তভোগীদের মধ্যে ৪৫ শতাংশ। এ ছাড়া ৪৬ শতাংশ উত্তরদাতা পুলিশের যোগাযোগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
প্রতিবেদনে এক ধর্ষণের ভুক্তভোগীর কথা উল্লেখ করা হয়েছে, যিনি শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে জানতে পারেন যে তাঁর বিচার হবে সোমবার সকালে।
প্রতিবেদন প্রসঙ্গে ওয়াক্সম্যান বলেন, ‘ভুক্তভোগীরা এখনো এমন একটি ফৌজদারি বিচারব্যবস্থার কাছে হতাশ হচ্ছেন, যা প্রায়ই তাঁদের পরবর্তী ভাবনা হিসেবে গণ্য করে। অনেককে খবরের জন্য ছোটাছুটি করতে হয়, সহায়তার জন্য লড়তে হয় এবং এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা অপরাধের মানসিক আঘাত কমানোর বদলে আরও বাড়িয়ে দেয়।’
তিনি বলেন, জনগণকে নিরাপদ রাখার দায়িত্বে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। কারাগারের ভিড় কমানোর কর্মসূচিতে বন্দীদের আগাম মুক্তি দিলে ঝুঁকিপূর্ণ অপরাধীরা এমন একটি প্রবেশন সেবার তত্ত্বাবধানে যেতে পারেন, যা তাঁর ভাষায় ‘হাঁটু গেড়ে পড়া’ অবস্থায় রয়েছে।
ওয়াক্সম্যান বলেন, এই কর্মসূচিতে অপরাধীদের ছাড়া হলে তাঁদের নিরাপদ রাখা হবে—এ বিষয়ে ভুক্তভোগীদের আরও আশ্বাস প্রয়োজন। গ্রীষ্মে মুক্তির আগে ভুক্তভোগীদের সতর্ক করে পাঠানো চিঠিগুলো ছিল ‘খুবই দুর্বল’ এবং অপরাধীদের ঝুঁকি কীভাবে মূল্যায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাতে ছিল না।
সর্বশেষ সংস্করণের এই কর্মসূচিতে শেষ পর্যন্ত প্রায় ৫ হাজার বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। লেবার পার্টি বলেছে, কনজারভেটিভদের আমলে কারাগারে বিনিয়োগের ঘাটতির কারণেই এই কর্মসূচি প্রয়োজন হয়েছে। ওয়াক্সম্যান বলেন, মুক্তির প্রভাব সম্পর্কে তথ্য দেখার জন্য তিনি এখনো অপেক্ষা করছেন।
জরিপ প্রতিবেদনে কমিশনার সুপারিশ করেছেন, সব অপরাধের ভুক্তভোগীকে একটি শনাক্তকরণ নম্বর দেওয়া হোক, যাতে তাঁরা বিচারব্যবস্থায় নিজেদের অগ্রগতি অনুসরণ করতে পারেন, আরও নির্বিঘ্ন অভিজ্ঞতা পান এবং ভিকটিমস কোড অনুযায়ী নিজেদের আইনি অধিকার পর্যবেক্ষণ করতে পারেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভুক্তভোগীরা ব্যবস্থার প্রতিটি ধাপে কীভাবে অভিজ্ঞতা পান ও চলাচল করেন, তার একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হোক—সাজা বা আদালত নিয়ে সম্প্রতি হওয়া পর্যালোচনাগুলোর মতো।
ওয়াক্সম্যান বিবিসিকে বলেন, ভুক্তভোগীদের নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করার দায়িত্বে একটি নির্দিষ্ট সংস্থা থাকা উচিত, কারণ বর্তমানে ‘কারও কাছে পূর্ণ চিত্রটি নেই’। তিনি বলেন, ‘সব ভুক্তভোগীই একজন নির্দিষ্ট যোগাযোগের মানুষ চান; তাঁরা নিজেদের মামলা নিয়ে আলাদা আলাদা পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলতে চান না।’
জরিপের জবাবে ভিকটিমস মন্ত্রী অ্যালেক্স ডেভিস-জোন্স বলেন, ‘উত্তরাধিকারসূত্রে পাওয়া ভাঙা ব্যবস্থাটি ঠিক করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’ তিনি বলেন, সরকার ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে—তিন বছরে ভুক্তভোগী সেবায় নজিরবিহীন ৫৫০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে এবং ভুক্তভোগীরা যাতে দ্রুত বিচার পান, সেজন্য ক্রাউন কোর্টের জট কমাতে ব্যবস্থা নিয়েছে। আগামী বছর একটি নতুন ভিকটিমস কোড প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

