রুশ হামলার ঝুঁকি বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করল এমআই৫
ইউক্রেনকে সহায়তা দেওয়ার কারণে যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো রুশ হামলার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫। অগ্নিসংযোগের মতো হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সুরক্ষায় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মঙ্গলবার ব্রিটিশ গোয়েন্দারা দেশীয় প্রতিরক্ষা শিল্পের প্রধান নির্বাহী ও শীর্ষ ব্যক্তিদের সঙ্গে একান্ত বৈঠক করে মস্কোর হুমকি সম্পর্কে হালনাগাদ তথ্য দেন। বৈঠকের পর এমআই৫-এর সুরক্ষা শাখা ন্যাশনাল প্রোটেক্টিভ সিকিউরিটি অথরিটি (এনপিএসএ) ইউক্রেনের যুদ্ধে সহায়তায় যুক্ত যুক্তরাজ্যের সংস্থাগুলোর জন্য প্রকাশ্য সতর্কতা জারি করে বলেছে, রুশ রাষ্ট্র তাদের লক্ষ্যবস্তু করছে।
এই পদক্ষেপ এসেছে এ বছর ইউরোপজুড়ে প্রতিরক্ষা-সংশ্লিষ্ট স্থাপনায় নাশকতার চেষ্টা বেড়ে যাওয়ার পর। যুক্তরাজ্যে ইতিমধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সুরক্ষাব্যবস্থা রয়েছে, যার মধ্যে রয়েছে পারমাণবিক স্থাপনায় বিশেষায়িত পুলিশি নিরাপত্তা এবং গোয়েন্দা ও সন্ত্রাসবিরোধী সংস্থাগুলোর তৎপরতা। তবে এখন প্রতিষ্ঠানগুলোকে নিজে থেকে সুরক্ষা জোরদার করতে বলা হচ্ছে।
যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীবিষয়ক মন্ত্রী লুইস স্যান্ডার-জোনস বৈঠকের পর এক বিবৃতিতে বলেন, বেড়ে যাওয়া রুশ হুমকির পর প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে ‘তাদের মানুষ, প্রযুক্তি ও সরবরাহ শৃঙ্খল রক্ষায় বাস্তবসম্মত ব্যবস্থা’ নিতে বলা হয়েছে।
সুপারিশের মধ্যে রয়েছে ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সরিয়ে ফেলা — যার মধ্যে প্রতিরক্ষা স্থাপনা, কী অস্ত্র তৈরি হয়, কার্যক্রম ও কর্মীদের ভূমিকার তথ্যও আছে। এনপিএসএ আরও বলেছে, প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ‘সম্ভব হলে অনুমানযোগ্য রুটিন এড়িয়ে চলতে’ হবে, যাতে রাশিয়া তার প্রক্সি বা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের লক্ষ্য করা কঠিন হয়।
গত সেপ্টেম্বরে সুইন্ডনের এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর পক্ষে ড্রোন তৈরির কারখানায় নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন।
