দেশে ৪০ শতাংশ মানুষ জানেনই না তাঁদের ডায়াবেটিস আছে, নিয়ন্ত্রণে মাত্র ২০ শতাংশের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে প্রায় ৪০ শতাংশ মানুষ জানেনই না যে তাঁদের ডায়াবেটিস রয়েছে, আর আক্রান্তদের মাত্র ২০ শতাংশের রোগ নিয়ন্ত্রণে থাকে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানিয়ে বলেছেন, ডায়াবেটিস মোকাবিলায় চিকিৎসা-নির্ভরতার বদলে প্রতিরোধ, স্ক্রিনিং ও পূর্ণাঙ্গ জাতীয় জরিপের ওপর গুরুত্ব দিতে হবে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘আজকের সতর্কতা, আগামীর সুস্থতা: ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ প্রতিপাদ্যের বৈঠকটি আয়োজন করে ধারা নিউজ।
বৈঠকে টাইটেল স্পন্সর ছিল ফিটব্যাক রিসেট, স্ট্র্যাটেজিক পার্টনার ছিল বসুন্ধরা মেডিকেল সিটি এবং সহযোগিতায় ছিল আরমানি প্রপার্টিজ লিমিটেড।
বিশেষজ্ঞদের মতে, শুধু চিকিৎসা নয়, এই রোগ প্রতিরোধে প্রয়োজন ব্যাপক সচেতনতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ। আলোচকরা বলেছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর সমন্বয় প্রয়োজন।
অনুষ্ঠানের শুরুতে ফিটব্যাক রিসেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুকিদুজ্জামান শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর জীবনযাপন গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সুস্থ থাকা ও ফিট থাকা একদিনের বিষয় নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল।
ফিটব্যাক রিসেটের প্রতিনিধি মুকিতুজ্জামানও ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানোর ওপর গুরুত্ব দেন। প্রতিষ্ঠানটি চিকিৎসকদের সহযোগী হিসেবে এসব বিষয়ে কাজ করে বলে বৈঠকে জানানো হয়।
২০২২ সালে যাত্রা শুরু করা ফিটব্যাক রিসেট ওজন কমানো, ওয়েলনেস প্রোগ্রাম ও বডি শেপিংয়ের মাধ্যমে মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করে আসছে। ধানমণ্ডি ও উত্তরায় প্রতিষ্ঠানটির দুটি সেন্টার রয়েছে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪ হাজারের বেশি ক্লায়েন্টকে সেবা দিয়েছে ফিটব্যাক রিসেট। এ সময়ে ক্লায়েন্টদের মোট ১০ হাজার ৭৯২ কেজির বেশি ওজন কমাতে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ৩ হাজার ৩২৪টির বেশি স্বাস্থ্যসংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেছে এবং বডি মেজারমেন্ট কমানোর ক্ষেত্রে ৪৫ হাজার ৯১৫ সেন্টিমিটারের বেশি পরিবর্তনের রেকর্ড অর্জন করেছে।
বসুন্ধরা মেডিকেল সিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান এস রহমান প্রপার্টিসের চেয়ারম্যান এস. এম. সাহিদুর রহমান বলেন, বসুন্ধরা মেডিকেল সিটির অন্যতম লক্ষ্য দেশের মানুষের জন্য সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা, যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসে। পাশাপাশি অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসায় হাসপাতালের কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
আলোচকদের মতে, ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের সম্মিলিত উদ্যোগেই ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা করে একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।



