উৎপাদন ২০ হাজার টন থেকে ৩ হাজার টনে নেমেছে: কর্ণফুলী পেপার মিলকে নতুনভাবে সাজাতে ২৫-৩০ হাজার কোটি টাকার উদ্যোগ সরকারের
একসময় সরকারি চাহিদার প্রায় ৭০ শতাংশ কাগজ সরবরাহ করত রাষ্ট্রায়ত্ত একমাত্র কাগজকল কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)। দেড় দশক আগেও ২০ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনকারী মিলটির বর্তমান উৎপাদন নেমেছে মাত্র ৩ হাজার টনে। এই অবস্থায় দেশের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।
পুরোনো যন্ত্রপাতি, কারিগরি ত্রুটি, কাঁচামালের অভাব, গ্যাসের মূল্যবৃদ্ধি ও দক্ষ জনবলের ঘাটতিসহ নানামুখী সংকটে মিলটির উৎপাদন কমেছে প্রায় ৮৭ শতাংশ। অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া কারখানাটিতে এখন কেবল একটি মেশিন দিয়ে উৎপাদন চালু রাখা হয়েছে।
কেপিএম এলাকায় একটি ইন্টিগ্রেটেড পাল্প অ্যান্ড পেপার মিলসহ আরও ছয়টি কেমিক্যাল প্ল্যান্ট বসাতে চায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে এর সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। নতুন প্রকল্পের আওতায় নিজস্ব পাল্প উৎপাদন, কাঁচামালের স্থানীয় উৎস তৈরি, কেমিক্যাল উৎপাদন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কারখানাটির পুরোনো সক্ষমতা ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা ব্যয়ের এই উদ্যোগ বাস্তবায়ন হলে বছরে ১ লাখ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্ভব হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন প্রকল্প প্রস্তাবটি ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশন সেটি পরীক্ষা-নিরীক্ষার পর কেপিএম কর্তৃপক্ষকে জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারী খুঁজছে। বিনিয়োগ পাওয়া না গেলে সরকারি অর্থায়নে ক্রমান্বয়ে তা বাস্তবায়ন করা হবে। এ বছরের অক্টোবরে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা কেপিএম পরিদর্শন করে রুগ্ন রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো পুনরুজ্জীবনে বিদেশি বিনিয়োগ, বিএমআর, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থার সম্ভাবনার কথা জানান।
কেপিএমের উৎপাদন বিভাগীয় প্রধান মো. মঈদুল ইসলামের স্বাক্ষরিত তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে ২৫ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে মিলটিতে কাগজ উৎপাদন হয়েছিল ২০ হাজার ১২৩ দশমিক ৪৪ টন। ২০২২-২৩ সালে ৩ হাজার টন লক্ষ্যমাত্রায় উৎপাদন দাঁড়ায় ১ হাজার ৫৪২ দশমিক ০২ টনে। ২০২৩-২৪ সালে আড়াই হাজার টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয় ২ হাজার ৫১০ দশমিক ৫২ টন। ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার টন।
বিসিআইসি জানায়, ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান শিল্প উন্নয়ন করপোরেশন ৫০১ একর জমিতে কেপিএম প্রতিষ্ঠা করে। এর মধ্যে ৬৮ একর কারখানা ও ৪৩৩ একর আবাসিক এলাকা। বার্ষিক ৩০ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতা নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি একসময় ক্রিমলেইড, রাইটিং, ব্রাউন, অফসেট, টাইপরাইটিং, অ্যাজুরলেইডসহ ৩৩ ধরনের কাগজ ও ১০ ধরনের প্যাকেজিং পণ্য তৈরি করত। বর্তমানে উৎপাদন সীমিত চার-পাঁচ ধরনের কাগজে।
কেপিএম সূত্র জানায়, গত আট বছর ধরে নিজস্ব পাল্প মিলটি বন্ধ হয়ে আছে। ফলে আমদানি করা পাল্প ও দেশীয় অকেজো কাগজ দিয়ে এখন উৎপাদন চালাতে হচ্ছে, এতে উৎপাদন ব্যয় বেড়েছে। বর্তমানে প্রতি টন কাগজ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়, তবে প্রতি টনে ৩৫-৪০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। এতে বছরে লোকসানের পরিমাণ প্রায় ২৮-৩০ কোটি টাকা। মিলটির অনুমোদিত জনবল ২ হাজার ৩৭৬ জন, এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৮৮ জন। পাশাপাশি ঠিকাদারের মাধ্যমে কাজ করছেন ২৫০ জন অস্থায়ী শ্রমিক।
কর্মকর্তারা বলছেন, উৎপাদন ব্যয়ের বড় অংশজুড়ে রয়েছে গ্যাসের মূল্য। সার কারখানাগুলো প্রতি ঘনফুট গ্যাস ১৬ টাকায় পেলেও কেপিএমকে দিতে হচ্ছে ৩০ থেকে সাড়ে ৩১ টাকা। দৈনিক ২৫-৩০ টন কাগজ উৎপাদনে প্রায় ১৩ লাখ টাকার গ্যাস প্রয়োজন হয়। গ্যাসের দামের পাশাপাশি পানি সংকটও উৎপাদন কমার একটি কারণ; কর্ণফুলী নদীতে ভাটার সময় পানির স্তর নেমে গেলে ওয়াসা পাম্প হাউস থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহে বিঘ্ন ঘটে, এ কারণে অনেক সময় উৎপাদন বন্ধ রাখতে হয়।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড পাল্প অ্যান্ড পেপার মিল, বনায়ন, পেপারভিত্তিক কেমিক্যাল প্ল্যান্ট, সোডা অ্যাশ, সোডিয়াম সালফেট, বেসিক কেমিক্যাল ও সিনথেটিক পলিয়েস্টার ফাইবার প্ল্যান্ট স্থাপন। এ ছাড়া কস্টিক সোডা, ক্লোরিন, হাইড্রোজেন পার-অক্সাইড ও টাইটানিয়াম ডাই-অক্সাইডসহ বিভিন্ন রাসায়নিক উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।
কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ বাসসকে বলেন, ‘নানামুখী সংকটের কারণে ধারাবাহিকভাবে মিলটির উৎপাদন কমেছে। তবে আশার কথা, সরকারের উদ্যোগের ফলে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের সাতটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব বিসিআইসির মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই-বাছাই করে সবুজ পাতাভুক্ত হয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়ন হলে বছরে ১ লাখ টন কাগজ উৎপাদন সম্ভব হবে।’
তিনি বলেন, ‘কর্ণফুলী পেপার মিল দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ। এটি পুরোদমে চালু হলে এলাকার আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এই মিলটি কেবলই একটি কারখানা নয়, এটি এ অঞ্চলের জনগোষ্ঠীর সামাজিক সম্প্রীতিরও অংশ।’

