ফোনে এআই এজেন্ট নিয়ে স্নোডেনের চেয়েও বড় নজরদারির শঙ্কা, সতর্ক করল সিগন্যাল
ফোনে যুক্ত হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট নিয়ে গোপনীয়তা রক্ষাকর্মীরা সতর্ক করেছেন, এই প্রযুক্তি বার্তা, ছবি ও ইমেইল সংগ্রহ করে এমন নজরদারির ঝুঁকি তৈরি করছে যা তাঁদের ভাষায় এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যকেও ছোট করে দেয়।
গোপনীয়তা-রক্ষাকারী মেসেজিং অ্যাপ সিগন্যাল ডিফল্টভাবে স্ক্রিনশট ব্লক করা শুরু করেছে, যাতে এআই এজেন্টরা মানুষের স্ক্রিন পড়ে সংবেদনশীল তথ্য ধারণ করতে না পারে।
সিগন্যালের নির্মাতারা, যাদের অ্যাপ গোপনীয় ও এনক্রিপ্ট করা বার্তার ক্ষেত্রে শিল্পের মানদণ্ড হিসেবে বিবেচিত, সতর্ক করেছেন যে গুগল, অ্যাপল ও মাইক্রোসফট তাদের ডিভাইসের অপারেটিং সিস্টেমের ‘গভীরে’ স্বায়ত্তশাসিত এজেন্ট যুক্ত করছে, ফলে এজেন্টরা আলাদা অ্যাপের গোপনীয়তা সুরক্ষা এড়িয়ে যেতে পারছে।
সিগন্যালের কৌশল ও বৈশ্বিক বিষয়ক প্রধান উদ্ভব তিওয়ারি পলিটিকোকে বলেন, কোটি কোটি ডিভাইসের স্থায়ীভাবে ব্যবহারকারীদের ওপর নজরদারি করার সক্ষমতা স্নোডেনের প্রকাশনাকে ‘রসিকতার মতো’ করে দেয়। স্নোডেনের ২০১৩ সালের প্রকাশনা ছিল যুক্তরাষ্ট্র সরকারের ব্যাপক নজরদারি নিয়ে।
তিওয়ারি আরও সতর্ক করেন, নজরদারিপ্রবণ সরকারগুলো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে এআই এজেন্টের সংগ্রহ করা তথ্যে প্রবেশ চাইতে পারে, ফলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ভাঙা বা কারও ডিভাইসে ম্যালওয়্যার বসানোর প্রয়োজনই পড়বে না। অ্যাপল, গুগল ও মাইক্রোসফট সিগন্যালের এই দাবি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
ইউরোপীয় ডিজিটাল অধিকার সংগঠন ইডিআরআইয়ের নীতি উপদেষ্টা ইতশাসো দোমিঙ্গেস দে ওলাসাবাল এআই এজেন্ট কী কী তথ্যে প্রবেশ পেতে পারে তার ওপর ‘গুরুতর সীমা’ আরোপের আহ্বান জানান। তিনি বলেন, অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণকারী কোম্পানিগুলো কার্যত ঠিক করে দিতে পারবে আমরা কতটা গোপনীয়তা পাব, এমন ভবিষ্যৎ গভীরভাবে উদ্বেগজনক।
প্রাইভেসি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক গাস হোসেইন বলেন, মানুষের জীবনের সবচেয়ে সংবেদনশীল ডিভাইস হলো ফোন, আর এআই এজেন্টকে ফোনে ডেকে এনে সেই সুরক্ষাগুলোই তুলে দেওয়া হচ্ছে। সিগন্যাল অপারেটিং সিস্টেম নির্মাতাদের কাছে এমন সরঞ্জাম চাইছে যাতে অ্যাপগুলো এআইয়ের তথ্য প্রবেশ ও প্রক্রিয়াকরণ থেকে বেরিয়ে থাকতে পারে।
অপারেটিং সিস্টেম পর্যায়ের এআই এজেন্ট বিশ্বের অনেক দেশে ইতোমধ্যে চালু হয়েছে, তবে ইউরোপীয় ইউনিয়নে এর বিস্তার ধীর। অ্যাপল তার সর্বশেষ এআই ভার্চুয়াল সহকারী সুবিধা চালুর ক্ষেত্রে ইইউর ডিজিটাল প্রতিযোগিতা বিধিমালাকে বড় বাধা হিসেবে উল্লেখ করেছে।
মেটা তার নিজের এআই এজেন্ট মিউজ চালু করছে, যা মঙ্গলবার যুক্তরাজ্যে চালু হয়েছে। ব্রিটিশ গোপনীয়তা কর্তৃপক্ষ ইনফরমেশন কমিশনারের কার্যালয় গত মাসে সতর্ক করেছিল, এআই এজেন্ট পণ্য ভোক্তাদের ঝুঁকি ‘বাড়িয়ে ও ত্বরান্বিত’ করতে পারে। কর্তৃপক্ষটি এ সপ্তাহে বলেছে, মেটা চলমান নজরদারির জন্য একটি ‘স্বেচ্ছামূলক পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রকল্পে’ সম্মত হয়েছে এবং গোপনীয়তা আইন এআই এজেন্টের ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য হবে সে বিষয়ে নতুন নির্দেশনা তৈরি হচ্ছে। মেটা বলেছে, তার নতুন এআই এজেন্ট ‘নকশাগতভাবেই ব্যক্তিগত, নিরাপদ ও সুরক্ষিত’ এবং তারা নিয়ন্ত্রকদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করেছে।
আয়ারল্যান্ডের শক্তিশালী গোপনীয়তা নিয়ন্ত্রক, যা অ্যাপল, গুগল, মেটা, মাইক্রোসফটসহ প্রযুক্তি জায়ান্টদের তথ্য সুরক্ষা নীতি তদারকি করে, এআই এজেন্ট কীভাবে ‘তৃতীয় পক্ষের’ তথ্য সংগ্রহ করে তা পুনর্ব্যবহার করা নিয়ে কড়াকড়ি করছে। তৃতীয় পক্ষের তথ্য বলতে বোঝায় এমন কারও তথ্য যিনি সরাসরি এআই এজেন্ট ব্যবহার করছেন না; যেমন বন্ধুকে বার্তা বা ছুটির ছবি পাঠানো হলো, অথচ জানা নেই বন্ধু এআই এজেন্টকে তার বার্তায় প্রবেশের অনুমতি দিয়েছেন।
আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন গত মাসে হস্তক্ষেপ করে ইলন মাস্কের মালিকানাধীন এক্সকে তার গ্রোক বটের সংগ্রহ করা তৃতীয় পক্ষের তথ্য এআই মডেলে দেওয়া বন্ধ করেছে, পলিটিকো প্রথম এই খবর জানায়। আইরিশ ডেটা প্রোটেকশন কমিশনার নিয়াম সুইনি বলেন, তৃতীয় পক্ষের তথ্য প্রক্রিয়াকরণ হচ্ছে অথচ তাদের ‘কোনো ধারণাই নেই’ যে তাদের তথ্যও সংগ্রহ করা হতে পারে, এমন অবস্থায় তাদের জানানো বা বেরিয়ে থাকার সুযোগ দেওয়া ‘অনেক বেশি চ্যালেঞ্জিং’।
