ব্যাটারিচালিত রিকশার ৯৫ শতাংশ চালকেরই লাইসেন্স নেই, জীবিকা ও নিরাপত্তা দুটোকেই গুরুত্ব দেওয়ার তাগিদ ব্র্যাক গবেষণায়
ব্যাটারিচালিত রিকশা খাতকে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতে সড়ক নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলার পাশাপাশি সংশ্লিষ্ট মানুষের জীবন-জীবিকাকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক নীতি আলোচনায় তাঁরা বলেন, হঠাৎ নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্তের পরিবর্তে সব পক্ষের অংশগ্রহণে পর্যায়ক্রমে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপান্তর নিশ্চিত করতে হবে।
‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক ওই অনুষ্ঠানে ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ উদ্যোগে পরিচালিত ‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল ও এর ভিত্তিতে প্রণীত নীতিসংক্ষিপ্তসার উপস্থাপন করা হয়।
গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ব্যাটারিচালিত রিকশাচালকদের ৯৫ দশমিক ৬ শতাংশের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই।
আয় বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের ব্যয় নির্বাহ করতে পারবেন না বলে গবেষণায় উঠে এসেছে।
এ ছাড়া জরিপের আগের এক মাসে ২৬ দশমিক ৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
গবেষণাটি পরিচালিত হয়েছে ঢাকার ৩০০ জন ও বরিশালের ১৫০ জনসহ মোট ৪৫০ জন সক্রিয় ব্যাটারিচালিত রিকশাচালকের ওপর পরিচালিত জরিপ এবং সংশ্লিষ্ট অংশীজনদের অভিজ্ঞতার ভিত্তিতে। চলতি বছরের ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয়।
জরিপে অংশ নেওয়া চালকদের ৭৮ দশমিক ২ শতাংশ ভাড়ায় রিকশা চালান। তাঁদের আয়ের গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশই ব্যয় হয় রিকশার ভাড়া পরিশোধে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা, মশা ও আবর্জনাসহ নগরের বিভিন্ন সমস্যা একটির সঙ্গে অন্যটি সম্পর্কিত; এসব সমস্যাকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করে সমাধান করা সম্ভব নয়।
তিনি বলেন, নগরবাসীর যেমন নির্বিঘ্নে চলাচলের অধিকার রয়েছে, তেমনি রিকশাচালকদেরও বেঁচে থাকার ও কাজ করার অধিকার রয়েছে। তবে ঢাকামুখী জনস্রোত অব্যাহত থাকলে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তাঁরা অটোরিকশা বা রিকশাচালকদের বিপক্ষে নন। চালকদের জীবন-জীবিকার অধিকার রক্ষার পাশাপাশি এ খাতে জবাবদিহি নিশ্চিত করতে হবে। একদিনে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও ব্যাটারিচালিত রিকশাকে বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, অনানুষ্ঠানিক খাতে কর্মরত মানুষের কণ্ঠস্বর নীতিনির্ধারণী পর্যায়ে যথাযথভাবে পৌঁছায় না। চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব দেন।
আসিফ সালেহ্ বলেন, আইনি স্বীকৃতির অভাবে রিকশাচালক ও ফুটপাতের হকারসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিয়মিত জরিমানা, চাঁদা ও বিভিন্ন অনানুষ্ঠানিক খরচ বহন করতে হচ্ছে, অথচ এর বিনিময়ে তাঁরা কোনো স্বীকৃতি বা সুরক্ষা পাচ্ছেন না। জরিপে অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ রিকশাচালক কোনো না কোনো সময়ে জরিমানা বা হয়রানির শিকার হয়েছেন।
তিনি আরও জানান, বিআইজিডির গবেষণা অনুযায়ী ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৭৮ শতাংশ অন্য জেলা থেকে এসেছেন। তাঁদের ৮৪ শতাংশ গ্রামে কাজের সুযোগ না থাকায় শহরমুখী হয়েছেন।
আসিফ সালেহ্ বলেন, গ্রামে কর্মসংস্থানের সুযোগ ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা না গেলে শহরমুখী মানুষের সংখ্যা কমানো কঠিন হবে। শুধু রিকশা বন্ধ করে এ সমস্যার সমাধান করা যাবে না; বরং অপরিকল্পিত সিদ্ধান্ত বহু পরিবারকে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে।
বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, রিকশাচালকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবিকার মধ্যে রয়েছেন। একটি দুর্ঘটনা বা হয়রানির ঘটনাও তাঁদের আবার দারিদ্র্যের মধ্যে ঠেলে দিতে পারে। পথচারী ও রিকশাচালক উভয়েই দেশের নাগরিক, তাই সবার অধিকার বিবেচনায় নিয়ে একটি ন্যায্য ও সহজ রূপান্তরের পরিকল্পনা করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
গবেষণায় গ্যারেজনির্ভর অর্থনীতির বিষয়টিও উঠে এসেছে। রিকশা ভাড়া, ব্যাটারি চার্জিং ও পরিবর্তন, মেরামত, ঋণসহায়তা এবং দুর্ঘটনা বা জরিমানার মতো পরিস্থিতিতে সহায়তার জন্য চালকরা এসব গ্যারেজের ওপর নির্ভর করেন। তবে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার ও সরকারি জায়গায় গ্যারেজ পরিচালনার মতো সমস্যাও রয়েছে।
পাশাপাশি প্রচলিত লেড-অ্যাসিড ব্যাটারির অনানুষ্ঠানিক উৎপাদন ও পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে গবেষণায় বলা হয়েছে। বিদ্যমান গ্যারেজ ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে বাদ না দিয়ে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনার মাধ্যমে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের প্রণীত ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ এ খাতকে স্বীকৃতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে বিধিমালার কার্যকর বাস্তবায়নই হবে প্রধান চ্যালেঞ্জ।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে পর্যায়ক্রমে প্রাতিষ্ঠানিকীকরণের রূপরেখা প্রণয়ন, যানবাহনের ন্যূনতম নিরাপত্তামান ও চলাচলের নির্ধারিত এলাকা নিশ্চিত করা, যানবাহন প্রতিস্থাপন, ব্যাটারির মানোন্নয়ন, চার্জিং, বিমা ও লাইসেন্সের ব্যয় চালক ও মালিকদের সামর্থ্যের মধ্যে রাখা এবং যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়ার বোঝা না চাপানো।
এ ছাড়া পরিবেশবান্ধব চার্জিং ব্যবস্থা উৎসাহিত করা এবং ব্যবহৃত ব্যাটারি সংগ্রহ, নিরাপদ নিষ্পত্তি ও পুনর্ব্যবহারের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।
ব্র্যাকের পরিচালক নাফিউল হাসানের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক সামছুল হক, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আসফিকুজ্জামান আকতার।
আলোচনায় আরও অংশ নেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শফিউল আলম, রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ফারাজ রহিম, নিউ এইজ পত্রিকার সাংবাদিক শাহিন আখতার ও ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের পরিচালক শাশ্বতী বিপ্লব এবং গবেষণার ফলাফল উপস্থাপন করেন বিআইজিডির অপারেশনস ডিরেক্টর মেহনাজ রব্বানী।



