কৃষিপণ্য রপ্তানিতে বছরে আয় প্রায় ১০০ কোটি ডলার, আমদানিতে ব্যয় কয়েক গুণ বেশি
কৃষিপণ্য রপ্তানি করে বছরে প্রায় ১ বিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশ। তবে খাদ্য ও কৃষিপণ্যের চাহিদা মেটাতে আমদানিতে ব্যয় হচ্ছে এর কয়েক গুণ বেশি। চাল, গম, ভোজ্যতেল, চিনি ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য এখনও বিদেশের ওপর নির্ভরশীল দেশটি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানি থেকে আয় ছিল প্রায় ১০২ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১১০ কোটি ডলারে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।
তবে ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি আয় প্রায় ২৫ শতাংশ কমে ৮২ কোটি ৭১ লাখ ডলারে নেমে আসে। এরপর ২০২৩-২৪ অর্থবছরে আয় বেড়ে হয় ৯৬ কোটি ৪৩ লাখ ডলার এবং সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে তা আরও বেড়ে দাঁড়ায় ৯৮ কোটি ৮৬ লাখ ডলারে।
পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানি থেকে মোট আয় হয়েছে প্রায় ৪৯০ কোটি ডলার। সর্বশেষ অর্থবছরে আগের বছরের তুলনায় আয় বেড়েছে ২ দশমিক ৫২ শতাংশ, তবে ২০২১-২২ অর্থবছরের তুলনায় এখনো প্রায় ১০ শতাংশ কম। দেশের মোট পণ্য রপ্তানি আয়ে কৃষিপণ্যের অবদান প্রায় ২ দশমিক ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।
কৃষিপণ্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে তামাক ও তামাকজাত পণ্য থেকে। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে আয় হয়েছে প্রায় ২৫ কোটি ১৯ লাখ ডলার। শুকনো খাদ্যপণ্য থেকে ১৮ কোটি ৬৬ লাখ, উদ্ভিজ্জ চর্বি ও তেল থেকে ১১ কোটি ৮০ লাখ, সবজি থেকে ৮ কোটি ১১ লাখ এবং ফল রপ্তানি করে ৬ কোটি ৭৫ লাখ ডলার আয় হয়েছে। এ ছাড়া মসলা রপ্তানি থেকে এসেছে ৫ কোটি ৬৩ লাখ ডলার।
বাংলাদেশের কৃষিপণ্যের বড় বাজার ভারত। ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে কৃষিপণ্য রপ্তানি করে আয় হয়েছে প্রায় ২১ কোটি ১৫ লাখ ডলার। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বেলজিয়াম, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রেও উল্লেখযোগ্য পরিমাণ কৃষিপণ্য রপ্তানি হয়। বর্তমানে ১৩০টিরও বেশি দেশে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে শুধু চাল ও গম আমদানিতেই ব্যয় হয়েছে ২৩০ কোটি ৬১ লাখ ডলার। এর মধ্যে গম আমদানিতে ১৬২ কোটি ৩৭ লাখ এবং চাল আমদানিতে ৬৮ কোটি ২৪ লাখ ডলার ব্যয় হয়েছে।
একই সময়ে ভোজ্যতেল আমদানিতে ২৭১ কোটি ৫১ লাখ, চিনি আমদানিতে ১১০ কোটি ২৯ লাখ এবং ডাল আমদানিতে ৯৪ কোটি ৬১ লাখ ডলার ব্যয় করেছে বাংলাদেশ।
এসব পণ্যের বড় একটি অংশ আসে কয়েকটি নির্দিষ্ট দেশ থেকে। ভারত থেকে চাল, পেঁয়াজ, গম, ডাল, মসলা, ফল ও সবজি আমদানি করা হয়। ব্রাজিল থেকে আসে চিনি, সয়াবিন ও ভুট্টা। আর্জেন্টিনা সয়াবিন তেল ও খাদ্যশস্যের অন্যতম উৎস। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আসে পাম অয়েল। গম আমদানিতে রাশিয়া, কানাডা ও অস্ট্রেলিয়ার ওপর নির্ভরতা রয়েছে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বছরে বাংলাদেশে আমদানি করা পাম অয়েলের প্রায় ৯৭ শতাংশ এসেছে ইন্দোনেশিয়া থেকে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে কিংবা সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটলে তার প্রভাব সরাসরি পড়ে দেশের বাজারে।

