…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের, আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখে দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ রুখে দিতে হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন এবং নির্বাচিত সরকারের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি।

তিনি বলেন, ‘আমরা যারা কিছুটা রাজনৈতিক সচেতন, তারা মনে-প্রাণে বুঝতাম, একটা সময় গিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠীকে আমাদের আবারও মোকাবিলা করতে হবে এবং তাদের চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই আসলে বাংলাদেশ মুক্তি পাবে।’

ইশরাক বলেন, ‘আমরা ভেবেছিলাম, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের ভবিষ্যতের একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’

গোপালগঞ্জে হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুদ্ধ চলমান থাকা দেশগুলোতেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা করা যায় না। আন্তর্জাতিক জেনিভা কনভেনশন অনুযায়ী এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল। অথচ গোপালগঞ্জে সন্ত্রাসীরা স্লোগান দিয়ে হাতে আগুন নিয়ে হাসপাতালে হামলা চালিয়েছে, যেখানে চিকিৎসাধীন নিরীহ মানুষ ছিলেন।

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে ইশরাক বলেন, ৩০ দিনই কর্মসূচির মাধ্যমে রাজপথে অবস্থান করা হবে, এলাকায় এলাকায় অবস্থান করা হবে।

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নয় মন্তব্য করে সাবেক প্রতিমন্ত্রী ইশরাক বলেন, এটি আপামর বাংলাদেশের জনগণের অর্জন। তাঁর অভিযোগ, শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে জনগণের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রজন্মের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের গায়ে লেপে দেওয়া সেই কলঙ্ক মুছে ফেলা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় যেকোনো দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রজন্ম রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।

মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘লাল গালিচায় নয়, হাসিনাকে ফিরতে হবে প্রত্যর্পণ চুক্তিতে’, বললেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে লাল গালিচায় নয়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে হবে। মঙ্গলবার (২৪ নভেম্…

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার
রাজনীতি

আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আওয়ামী লীগের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে অপপ্রচার চালানো হয়েছে বলে দা…

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
রাজনীতি

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ…

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ
রাজনীতি

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে…