আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপপ্রচার হয়েছে, বিবৃতিতে বললেন পরওয়ার

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আওয়ামী লীগের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
পরওয়ার বলেন, ‘অস্ট্রেলিয়া সফরকালে বিরোধীদলীয় নেতার সকল কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।’
বিবৃতিতে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন’ (এজেএ) নামে একটি সংগঠন এবং ‘অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন’ (এএইচএ) নামে আরেকটি সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত আওয়ামী লীগের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার চালায়।
পরওয়ারের ভাষ্য অনুযায়ী, ওই গোষ্ঠীর সদস্যরা শফিকুর রহমানের সফরসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি দিয়েছিল। তবে অস্ট্রেলীয় সরকার তাদের সেই বিবৃতিকে ‘গুরুত্ব দেয়নি’ বলে তিনি দাবি করেন।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিরোধীদলীয় নেতার বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। প্রবাসী ভাই-বোনেরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শফিকুর রহমানকে বরণ করে নেন।’
গোলাম পরওয়ার আরও বলেন, প্রবাসীরা নিজেদের মনের কথা ও প্রত্যাশার কথা বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। জামায়াত আমিরও তাঁদের সব কথা শোনেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁদের সহযোগিতা কামনা করেন।




