আইওয়ায় প্রায় পাঁচ টন বিস্ফোরক ধ্বংসের আগে বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে অবস্থিত আইওয়া আর্মি অ্যামিউনিশন প্ল্যান্টে প্রায় পাঁচ টন লেড অ্যাজাইড নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধ্বংসের আগে এলাকার বাসিন্দাদের, বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের, বাড়ি ছেড়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন ফেডারেল কর্মকর্তারা। মার্কিন সেনাবাহিনী বুধবার এই বিস্ফোরণ ঘটানোর কথা রয়েছে।
সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সচিব অ্যাডাম টেলে এক সংবাদ সম্মেলনে বলেন, বিষাক্ত ও অত্যন্ত অস্থিতিশীল এই পদার্থের প্রায় ৯ হাজার ৭০০ পাউন্ড বিস্ফোরণ ঘটানোর প্রভাব কমাতে তাঁর দল একাধিক বিশেষজ্ঞের সঙ্গে কাজ করেছে। বিস্ফোরণ নিয়ন্ত্রণে পানির দেয়াল, ফোমের বাধা ও জেল ব্লক ব্যবহার করা হবে।
মার্কিন সেনাবাহিনীর সাসটেইনমেন্ট কমান্ডের কমান্ডিং জেনারেল মেজর জেনারেল এরিক শার্লি সাংবাদিকদের বলেন, কয়েক মাসের গবেষণার পর মিডলটাউন স্থাপনায় মজুত ব্যারেলগুলো নিরাপদে নিষ্পত্তির আর কোনো উপায় পাওয়া যায়নি। তিনি বলেন, ‘নিষ্ক্রিয়তা আর কোনো বিকল্প নয়।’
কর্মকর্তারা জানান, বিস্ফোরণটি স্থানীয় সময় সকাল ৯টায় ঘটানোর সূচি রয়েছে। মিডলটাউনের কাছাকাছি বাসিন্দাদের মঙ্গলবারই বাড়ি ছেড়ে যাওয়ার এবং অন্তত শুক্রবার পর্যন্ত ফিরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। সব নিরাপদ বলে ঘোষণা দেওয়া হলে সরিয়ে নেওয়া ব্যক্তিদের ফোনে জানানো হবে, এরপর তাঁরা নিজ সুবিধামতো বাড়ি ফিরতে পারবেন বলে সেনাবাহিনীর পরামর্শবার্তায় বলা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, প্রস্তাবিত সরে যাওয়ার এলাকা কারখানার দক্ষিণ-পশ্চিমে পাঁচ মাইল লম্বা একটি শঙ্কু আকৃতির অঞ্চল, যা বিস্ফোরণের ছড়িয়ে পড়ার পথের আরও এক মাইল পর্যন্ত বিস্তৃত।
ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফেমার প্রশাসক ক্যাম হ্যামিলটন সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ-পশ্চিম দিকের এলাকায় যাঁরা সতর্কতা হিসেবে সরে যেতে চাইবেন, তাঁদের পরিবহনসেবা দেওয়া হবে। সরে যাওয়া ব্যক্তিদের জন্য স্থানান্তর, খাবার ও পুষ্টির ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান।
মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের প্রস্তুতি ও সাড়া বিষয়ক প্রধান উপসহকারী সচিব শন কফম্যান সাংবাদিকদের বলেন, কারখানার কাছাকাছি বসবাসকারী গর্ভবতী নারী, শিশু এবং দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা ব্যক্তিদের অবশ্যই সরে যাওয়া উচিত। ওই এলাকার বাইরে থাকলেও যাঁরা অস্বস্তি বোধ করবেন, তাঁদের পরিবারের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি পরামর্শ দেন।
মিসৌরি অঙ্গরাজ্যের গভর্নর মাইক কেহো বিস্ফোরণের আগে মঙ্গলবার রাজ্যের জরুরি অপারেশন কেন্দ্র সক্রিয় করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ, যাতে প্রয়োজনে সব সম্পদ প্রস্তুত থাকে, এবং রাজ্যের সংস্থাগুলো নাগরিক ও গবাদিপশুর স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থাকবে।
পরিকল্পিত এই বিস্ফোরণ গত সপ্তাহে ঘটানোর কথা থাকলেও আবহাওয়া পরিস্থিতি ও একটি মামলার কারণে দুই দফা পিছিয়ে যায়। লেড অ্যাজাইড হলো গ্রেনেড ও কামানের গোলাসহ বিভিন্ন গোলাবারুদ বিস্ফোরণের প্রধান বিস্ফোরক উপাদান।
আইওয়া এনভায়রনমেন্টাল কাউন্সিল ও সিয়েরা ক্লাবের আইওয়া শাখা গত বৃহস্পতিবার জরুরি আবেদন করে যুক্তি দেয়, এই বিস্ফোরণে সীসার ধুলো বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়তে পারে, এমনকি কারখানা থেকে ১০০ মাইলের বেশি দূরের জনপদেও পৌঁছাতে পারে।
বৃহস্পতিবার গভীর রাতে দেওয়া আদেশে অষ্টম সার্কিট আপিল আদালত অনুমতির ওপর প্রশাসনিক স্থগিতাদেশ দেয়। সোমবার আদালত সেই স্থগিতাদেশ তুলে নেয় এবং জরুরি আবেদনটি খারিজ করে দেয়। দুই পরিবেশবাদী সংগঠন জানিয়েছে, সোমবারের সিদ্ধান্তের পর তারা আর আইনি লড়াই চালাবে না, তবে বিস্ফোরণ নিয়ে জনগণের কাছে স্বচ্ছ থাকতে ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
৭১তম বিস্ফোরক অস্ত্র নিষ্পত্তি দলের গ্রুপ কমান্ডার কর্নেল অ্যারন টেলার সাংবাদিকদের বলেন, রাসায়নিক পদ্ধতিতে লেড অ্যাজাইড শোধন করা সম্ভব হয়নি, কারণ গত আট মাসে ব্যারেলগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়েছে। ব্যারেলের বাইরের অংশে ও ঢাকনায় স্ফটিকায়িত লেড অ্যাজাইড জমে যাওয়ায় ব্যারেল সরানো বা ঢাকনা খোলা কোনোটাই সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।
পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএর জাতীয় নিরাপত্তা ও অপারেশন সমন্বয়বিষয়ক সহযোগী প্রশাসক টম ক্রোচি বলেন, এলাকায় সীসার মাত্রা নিরাপদ পর্যায়ে ফিরে এসেছে বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত সংস্থাটি তা পর্যবেক্ষণ করবে। মাঠপর্যায়ে পাওয়া তথ্য একত্র করে জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।
এ ছাড়া নাসা মঙ্গলবার জানিয়েছে, কারখানার আশপাশের পরিবেশ ও বায়ুমণ্ডল পর্যবেক্ষণে ফেডারেল সরকারকে সহায়তা করতে সংস্থাটি কয়েকটি গবেষণা বিমান ও বৈজ্ঞানিক সরঞ্জাম পাঠিয়েছে। নাসা তিনটি বিমান পাঠিয়েছে এবং দূষণ ও বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণকারী স্যাটেলাইট যন্ত্র টেম্পোর তথ্যও ব্যবহার করছে।




