ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৭ হাজার টাকা। মজুরি বোর্ডের সভায় ভোটাভুটির মাধ্যমে এই মজুরি নির্ধারিত হয়েছে।
নতুন মজুরি বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। বর্তমানে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকদের নতুন এই মজুরিকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
গ্রেড অনুযায়ী মজুরি চূড়ান্ত করা হয়েছে: ন্যূনতম বা গ্রেড ৪-এ ১৭ হাজার টাকা, গ্রেড ৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১-এ ২১ হাজার ৫০০ টাকা।
গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে বেলা সোয়া তিনটায় চতুর্থ দিনের সভা শুরু হয়। সভা শেষ হয় রাত দেড়টার দিকে।
সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব অংশ নেন। এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে অংশ নিয়েছেন।
সভায় দর-কষাকষিতে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা থেকে চার দফায় বৃদ্ধি করে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার থেকে চার দফায় কমিয়ে ১৯ হাজার টাকা প্রস্তাব করে। পরে শ্রমিকেরা ১৮ হাজার ৫০০ টাকা দাবি করে সংশোধিত প্রস্তাব দেয়, শেষে ১৮ হাজার টাকা দাবি করে।
একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। তখন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি ভোটাভুটির সিদ্ধান্ত নেন।
রাত একটার পর ভোট হয়। বোর্ডের ছয়জন সদস্য ভোট দেন। শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন, আর বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়।
বিষয়টি রাত সোয়া দুইটার দিকে নিশ্চিত করেন মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। বোর্ডের সিদ্ধান্ত নিয়ে চেয়ারম্যানের সাংবাদিকদের ব্রিফ করার কথা থাকলেও রাত ২টা ২০ মিনিট পর্যন্ত তিনি তা করেননি।
মজুরি বোর্ড গঠিত হয় ১ নভেম্বর, প্রথম সভা হয় ৪ নভেম্বর। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। ২৩ নভেম্বর তৃতীয় সভায় মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার টাকা, পরে ধাপে ধাপে বেড়ে ১৫ হাজার ৭০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করে; ওই দিন রাত সাড়ে আটটায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
সভা শুরুর আগে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি বিকেল পৌনে পাঁচটায় সাংবাদিকদের বলেন, আলোচনায় তিনি কখনো মালিকপক্ষ, আবার কখনো শ্রমিকপক্ষের সঙ্গে আলাদা করে কথা বলেছেন, এমনকি মালিক ও শ্রমিকপক্ষের মধ্যেও আলাদা কথা বলার সুযোগ করে দিয়েছেন।
আগের দিনের সভার মতো গতকালও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। তাঁদের কেউ ৩০ হাজার, আবার কেউ ৩২ হাজার টাকা মজুরি দাবি করে স্লোগান দেন।
প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন সভা শেষ হওয়ার আগে বলেন, সরকার প্রত্যাশা করে মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জন্য ন্যায্য, যৌক্তিক ও জীবনযাত্রার প্রয়োজনের সঙ্গে সংগতিপূর্ণ মজুরি নির্ধারিত হবে। তিনি মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, অন্যান্য খাতের মজুরি এবং প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামো বিবেচনার কথা বলেন।
পোশাকশিল্প-সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, নব্বইয়ের দশকের শুরুতে তৈরি পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকা হয়। সর্বশেষ ২০২৩ সালে নিম্নতম মজুরি ৫৬ শতাংশ বেড়ে সাড়ে ১২ হাজার টাকা নির্ধারিত হয়েছিল।
এদিকে গতকাল গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে; কোথাও কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গাজীপুরা এলাকায় পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে গতকাল গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকেরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার উপজেলার আশুলিয়ার বিভিন্ন স্থানে দিনের বিভিন্ন সময়ে ২৪টি কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ, সাতটি কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা, এবং বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ২০টি কারখানা।


