…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

পাঁচ বছরে কার্ডের সংখ্যা ও লেনদেন দুটোই দ্বিগুণ, সেপ্টেম্বরে বিদেশে কার্ডে ব্যয় ১ হাজার ৪০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
পাঁচ বছরে কার্ডের সংখ্যা ও লেনদেন দুটোই দ্বিগুণ, সেপ্টেম্বরে বিদেশে কার্ডে ব্যয় ১ হাজার ৪০ কোটি টাকা
ছবি: সংগৃহীত

দেশে ব্যাংক কার্ডের ব্যবহার দ্রুত বাড়ছে। পাঁচ বছরের ব্যবধানে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, আর এসব কার্ডে লেনদেনের পরিমাণ দ্বিগুণ ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর মাসের কার্ড ব্যবহারসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের অক্টোবর শেষে দেশে তিন ধরনের কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৭৫ লাখ। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩৮ লাখে। একই সময়ে কার্ডে মোট লেনদেন ২ লাখ ৫২ হাজার ৯১৮ কোটি টাকা থেকে বেড়ে ৫ লাখ ৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ পাঁচ বছরে কার্ডের সংখ্যা বেড়েছে ৯৬ শতাংশ, আর লেনদেন বেড়েছে ১০১ শতাংশ।

ধরনভেদে হিসাবে, ২০২১ সালের অক্টোবর শেষে দেশে ডেবিট কার্ড ছিল ২ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার, ক্রেডিট কার্ড ১৭ লাখ ৭৯ হাজার এবং প্রিপেইড কার্ড ১০ লাখ ৭৫ হাজার। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ডেবিট কার্ড বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৩ লাখ ৫৪ হাজার, ক্রেডিট কার্ড ২৮ লাখ ৩৯ হাজার এবং প্রিপেইড কার্ড ৯৬ লাখ ৬৮ হাজারে।

কার্ডের বিস্তারের পাশাপাশি দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে এর ব্যবহারও বাড়ছে। গত সেপ্টেম্বরে দেশের ব্যাংকগুলো থেকে ইস্যু করা কার্ড দিয়ে বিদেশে বাংলাদেশিরা ব্যয় করেছেন ১ হাজার ৪০ কোটি ২০ লাখ টাকা। আগের মাস আগস্টে এই ব্যয় ছিল ৯৮৬ কোটি ৭০ লাখ টাকা; এক মাসে বিদেশে কার্ডে ব্যয় বেড়েছে ৫ দশমিক ৪২ শতাংশ।

সেপ্টেম্বরে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৫৪০ কোটি ২০ লাখ, ডেবিট কার্ডে ৪৪১ কোটি ২০ লাখ এবং প্রিপেইড কার্ডে ৫৮ কোটি ৮০ লাখ টাকা। তিন ধরনের কার্ডের মধ্যে বিদেশে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ক্রেডিট কার্ড।

বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে বাংলাদেশিদের পছন্দের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র; সেপ্টেম্বরে বিদেশে মোট ক্রেডিট কার্ড লেনদেনের ১৫ দশমিক ৫২ শতাংশ হয়েছে দেশটিতে। এরপর রয়েছে যুক্তরাজ্য, থাইল্যান্ড, ভারত ও সিঙ্গাপুর। ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, অন্যদিকে প্রিপেইড কার্ড ব্যবহারে শীর্ষে ছিল ভারত।

অন্যদিকে বাংলাদেশে বিদেশিদের কার্ড ব্যবহার কমেছে। সেপ্টেম্বরে বিদেশে ইস্যু করা কার্ড দিয়ে বাংলাদেশে ২২৯ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগস্টে ছিল ২৪৮ কোটি ৯০ লাখ টাকা; এক মাসে দেশে বিদেশিদের কার্ডে ব্যয় কমেছে ৭ দশমিক ৭৯ শতাংশ। বাংলাদেশে বিদেশিদের কার্ড ব্যবহারে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে ইস্যু করা কার্ড — সেপ্টেম্বরে মোট লেনদেনের ১৯ দশমিক ৯৬ শতাংশ হয়েছে এসব কার্ডে। এরপর রয়েছে যুক্তরাজ্য ও ভারত।

দেশের ভেতরে সেপ্টেম্বরে ক্রেডিট কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২১৬ কোটি ৩০ লাখ টাকা; আগস্টে তা ছিল ৪ হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা — এক মাসে বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে, দেশের ভেতরে ক্রেডিট কার্ড লেনদেনের ৪৮ দশমিক ৭৬ শতাংশ হয়েছে ডিপার্টমেন্ট স্টোরে। এ ছাড়া রিটেইল আউটলেটে ১২ দশমিক ৬৫ শতাংশ, ইউটিলিটি বিল পরিশোধে ৭ দশমিক ৩৩, ওষুধ ও ফার্মেসিতে ৬ দশমিক ৯৮, নগদ টাকা উত্তোলনে ৫ দশমিক ৮৯ এবং পোশাকের দোকানে ৫ দশমিক ২৪ শতাংশ লেনদেন হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নগদ লেনদেন নিরুৎসাহিত করে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের কার্ডের পাশাপাশি বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন বাড়ানোর উদ্যোগও রয়েছে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোট…

অর্থনীতি ও ব্যবসা

অজান্তেই বিক্রি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য: বিজ্ঞাপনের আড়ালে কয়েক বিলিয়ন ডলারের বাজার

স্মার্টফোনে আবহাওয়ার খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা কিংবা গাড়ি চালানোর মতো দৈনন্দিন কাজের তথ্য ব্যবহারকারীর অজান্তেই একাধিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে …

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তিন সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়ে…