…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের সংস্কার কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের, ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণে অগ্রগতির আশা

নিজস্ব প্রতিবেদক
দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের সংস্কার কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের, ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণে অগ্রগতির আশা
ছবি: সংগৃহীত

ব্যাংকিং খাতের আর্থিক দুর্বলতা কাটিয়ে স্থিতিশীলতা ফেরাতে চার বছর মেয়াদি সমন্বিত সংস্কার কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন, পুনঃমূলধনীকরণ ও আর্থিকভাবে সক্ষম করে তোলার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক চিত্র তুলে আনা, দুর্বলতা শনাক্ত করা এবং সেগুলো পর্যায়ক্রমে দূর করাই এই সংস্কার কর্মসূচির উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের আশা, চলমান সংস্কারের ফলে আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

এ জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে ব্যাংকগুলোর সম্পদের মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ—একিউআর) করছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এই পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, এই পর্যালোচনায় ব্যাংকগুলোর দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে। ফলে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে সাম্প্রতিক সময়ে যে অবনতি দেখা যাচ্ছে, তা গত দুই বছরের কার্যক্রমের ফল নয়; বরং দীর্ঘদিন ধরে জমে থাকা দুর্বলতার প্রতিফলন।

এদিকে সাময়িক তারল্যসংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তারল্য সহায়তা ও গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের কার্যক্রম সচল রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এই সহায়তা দেওয়া হচ্ছে।

পাশাপাশি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাংক পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করা এবং অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

দুর্বল ব্যাংকগুলোর জন্য পৃথক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনাও তৈরি করা হয়েছে। এতে প্রয়োজন অনুযায়ী পুনর্মূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। আগামী চার বছরে ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের আশা, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী হওয়ার পাশাপাশি ঋণ বিতরণ ও আদায়ে শৃঙ্খলা ফিরবে।

দীর্ঘ মেয়াদে ব্যাংকিং খাতের ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়াতেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায় বাড়ানো, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আর্থিক খাতের নীতিগত ও কাঠামোগত সংস্কার।

পরিস্থিতির উন্নতি হলে জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টির মতো বিশেষ ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোট…

অর্থনীতি ও ব্যবসা

অজান্তেই বিক্রি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য: বিজ্ঞাপনের আড়ালে কয়েক বিলিয়ন ডলারের বাজার

স্মার্টফোনে আবহাওয়ার খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা কিংবা গাড়ি চালানোর মতো দৈনন্দিন কাজের তথ্য ব্যবহারকারীর অজান্তেই একাধিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে …

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তিন সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়ে…