আট বছরের যাত্রা শেষে বুধের কক্ষপথে ইউরোপ-জাপানের মহাকাশযান বেপিকলম্বো

দীর্ঘ আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশযান বেপিকলম্বো। ২০১৮ সালে পৃথিবী ছেড়ে যাওয়া যানটি একাধিক গ্রহের পাশ দিয়ে ঘুরে নিজের গতি কমিয়ে সম্প্রতি বুধের কক্ষপথে ঢুকেছে। নাসার মেসেঞ্জার মিশনের পর এটিই ইতিহাসের দ্বিতীয় মহাকাশযান, যা বুধকে প্রদক্ষিণ করছে।
সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধে পৌঁছানো সহজ নয়। সূর্যের এত কাছাকাছি থাকায় নক্ষত্রটির প্রবল মাধ্যাকর্ষণ যেকোনো মহাকাশযানকে প্রচণ্ড বেগে নিজের দিকে টানতে থাকে; সেই গতি কমিয়ে ছোট গ্রহটির কক্ষপথে ঢোকা তাই অত্যন্ত কঠিন। সৌরজগতের শেষ প্রান্তের বামন গ্রহ প্লুটোতে যেতে যে পরিমাণ শক্তি লাগে, বুধের কক্ষপথে পৌঁছাতে তার চেয়েও বেশি শক্তির প্রয়োজন হয়।
বেপিকলম্বো মূলত দুটি আলাদা উপগ্রহ বা অরবিটার নিয়ে তৈরি। আগামী ১৮ দিনের মধ্যে যানটি দুটি ভাগে আলাদা হয়ে যাবে। সূর্যের প্রচণ্ড তাপ সহ্য করার জন্য বিশেষ বর্ম নিয়ে তৈরি এই দুটি যান বুধের চৌম্বকক্ষেত্রের একেবারে বাইরের সীমানা থেকে শুরু করে গ্রহটির ভেতরের বিশাল লোহার কেন্দ্র পর্যন্ত বিশ্লেষণ চালাবে।
ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রকল্প বিজ্ঞানী জেরাইন্ট জোনসের মতে, পাথুরে গ্রহগুলোর মধ্যে বুধ সম্পর্কেই মানুষ সবচেয়ে কম জানে। এই মিশনের তথ্য শুধু সৌরজগতের জন্মের ইতিহাসই বলবে না, দূরের নক্ষত্রদের চারপাশে ঘুরতে থাকা ভিনগ্রহ সম্পর্কেও নতুন ধারণা দেবে; কারণ এ পর্যন্ত আবিষ্কৃত অনেক এক্সোপ্ল্যানেটই তাদের নক্ষত্রের খুব কাছাকাছি অবস্থান করে, ঠিক বুধের মতো।
খালি চোখে আকাশে দেখা গেলেও পৃথিবী থেকে বুধকে পর্যবেক্ষণ করা বেশ কঠিন। সত্তরের দশকে নাসার মেরিনার ১০ বুধের পাশ দিয়ে তিনবার উড়ে গিয়েছিল এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেসেঞ্জার প্রথমবারের মতো গ্রহটির কক্ষপথে থেকে তথ্য সংগ্রহ করেছিল। নতুন এই মিশন সেই পুরোনো আবিষ্কারের ওপর ভিত্তি করেই কাজ করবে।
মিশনটির নাম রাখা হয়েছে ইতালীয় বিজ্ঞানী জিউসেপ কলম্বোর নামানুসারে, যিনি ‘বেপি’ নামে পরিচিত ছিলেন। মেরিনার ১০ মিশনের গতিপথের হিসাব করেছিলেন তিনিই।
পৃথিবীতে ঝড়-বৃষ্টি বা টেকটোনিক প্লেটের নড়াচড়ায় প্রাচীন ভূতাত্ত্বিক চিহ্ন মুছে গেলেও বুধে তেমনটা হয় না; গ্রহটির বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে এবং সেখানে কোনো টেকটোনিক প্লেটও সক্রিয় নয়। তাই কোটি কোটি বছর ধরে জমা হওয়া ক্ষত আর গর্তগুলো বুধের বুকে ইতিহাসের বইয়ের মতো সাজানো আছে।
বুধ গ্রহটি ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের দিকে সংকুচিত হচ্ছে। ফলে এর ওপরের স্তর কুঁচকে গিয়ে প্রায় দুই মাইল উঁচু হাজার হাজার বিশাল খাড়া পাহাড় বা ক্লিফ তৈরি হয়েছে। ইউরোপীয় অরবিটারটি পুরো গ্রহটির নিখুঁত মানচিত্র তৈরি করবে, যাতে বিজ্ঞানীরা বুঝতে পারেন গ্রহটি ঠিক কীভাবে সংকুচিত হচ্ছে। এ ছাড়া প্রাচীন আগ্নেয়গিরির লাভা জমে তৈরি সমতল ভূমি ও বিস্ফোরণে তৈরি অগ্ন্যুৎপাতের চিহ্নও পরীক্ষা করা হবে।




