সাইবার সহিংসতার শিকার হয়ে অনলাইন ছাড়ছেন অনেক নারী, গবেষণায় উদ্বেগজনক চিত্র

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রাজনৈতিক বিষয়ে নিজের মতামত লিখেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাকসুদা এলাহী (ছদ্মনাম)। এরপর তাঁর পোস্টের মন্তব্যের ঘরে আসতে থাকে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, গালাগাল ও ধর্ষণের হুমকি। অচেনা কয়েকটি অ্যাকাউন্ট থেকে তাঁর ছবি সংগ্রহ করে সেগুলো বিকৃত করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়; এমনকি পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবের ফোনেও পাঠানো হয় সেসব ছবি। পরিবারের সদস্যরা উল্টো তাঁকেই দোষারোপ করতে শুরু করলে একপর্যায়ে মানসিক স্বস্তি ও নিরাপত্তার কথা ভেবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন তিনি।
এই অভিজ্ঞতা শুধু একজন নারীর নয়। বাংলাদেশ মহিলা পরিষদ ও ডিজিটালি রাইটের ‘অ্যাবিউজ বিয়ন্ড দ্য স্ক্রিন’ শীর্ষক গবেষণায় উঠে এসেছে, অনলাইন সহিংসতার শিকার হওয়ার পর নারীদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন পরিসরে অংশগ্রহণ কমিয়ে দিচ্ছে। গবেষণায় অংশ নেওয়া নারীদের ৪৫ দশমিক ৫ শতাংশ জানিয়েছেন, তাঁরা প্রযুক্তি-সহায়ক লিঙ্গভিত্তিক সহিংসতার (টিএফজিবিভি) শিকার হয়েছেন। সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এই হার ৬৩ দশমিক ৭ শতাংশ।
গবেষণার সবচেয়ে উদ্বেগজনক তথ্যগুলোর একটি হলো, অনলাইন নির্যাতনের অভিজ্ঞতার পর ২১ শতাংশ নারী ভয়ের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার কমিয়ে দিয়েছেন, ২০ শতাংশ নারী যেকোনো অনলাইন পরিসরে অংশগ্রহণ কমিয়েছেন, আর ৪ শতাংশ নারী পড়াশোনা, চাকরি কিংবা বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ অনলাইনে অপরাধের শিকার হওয়ার পর অনেক ক্ষেত্রে ভুক্তভোগীকেই নিজের জীবনযাপনের ধরন বদলাতে হচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতা এখন শুধু ঘরের ভেতর কিংবা রাস্তাঘাটে সীমাবদ্ধ নেই; অনলাইনও হয়ে উঠেছে নারীর প্রতি সহিংসতার নতুন ক্ষেত্র। তাঁর ভাষায়, নারীর প্রতি অনলাইন নির্যাতনের নতুন নতুন ধরন যুক্ত হচ্ছে, আর এই সহিংসতার প্রভাব পড়ছে নারীর ব্যক্তিগত জীবন, পড়াশোনা, পেশা ও মতপ্রকাশের স্বাধীনতায়।
ডিজিটালি রাইটের হেড অব রিসার্চ আব্দুল্লাহ তিতির জানান, গবেষণায় তাঁরা দেখেছেন, বহু নারী মনে করেন অনলাইনে হয়রানির শিকার হওয়া ইন্টারনেট ব্যবহারের একটি স্বাভাবিক অংশ। আর অনলাইন সহিংসতার জন্য সমাজে ভুক্তভোগী নারীদেরই দোষারোপ করা হয়। এই সামাজিক দৃষ্টিভঙ্গিও নির্যাতনের শিকার নারীদের চুপ থাকতে কিংবা অনলাইন থেকে সরে যেতে বাধ্য করছে।
গবেষণায় উঠে আসা আরেকটি ঘটনায় পিরোজপুরের একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তামান্না (ছদ্মনাম)। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তাঁরই একজন বন্ধু আপত্তিকর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন এবং আরও ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করেন। একপর্যায়ে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে।
গবেষণা অনুযায়ী, বাংলাদেশে অনলাইন সহিংসতার প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে ফেসবুক ও মেসেঞ্জার। জরিপে অংশ নেওয়া ভুক্তভোগীদের ৩৯ দশমিক ৭ শতাংশ মেসেঞ্জারের কথোপকথনে এবং ৩৬ দশমিক ৭ শতাংশ ফেসবুকে সহিংসতার শিকার হয়েছেন।
সহিংসতার ধরনগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হয়রানি ও লিঙ্গভিত্তিক শোষণ—ভুক্তভোগীদের ৫২ শতাংশ এ ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অর্থনৈতিক শোষণ ও প্রতারণার শিকার হয়েছেন ৩৭ শতাংশ, যৌন ও ছবিভিত্তিক নির্যাতনের শিকার ২৪ শতাংশ এবং পরিচয় অপব্যবহার ও ভুয়া অ্যাকাউন্ট-সংক্রান্ত সহিংসতার শিকার হয়েছেন ১৭ শতাংশ।
গবেষণায় আরও দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি বিকৃত করা, ডিপফেক তৈরি এবং ব্যক্তিগত ছবি ব্যবহার করে ব্ল্যাকমেলের মতো ঘটনা বাড়ছে। সাবেক ঘনিষ্ঠ সঙ্গীদের কেউ কেউ এসব প্রযুক্তিকে নিয়ন্ত্রণ বজায় রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
প্রতিকারের পথও সংকীর্ণ। অনলাইন নির্যাতনের শিকার নারীদের মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ অপরাধীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করেছেন, কিন্তু পুলিশের সহায়তা নিয়েছেন মাত্র ৪ দশমিক ৬ শতাংশ। যাঁরা পুলিশের সহায়তা নিয়েছেন, তাঁদের ৮১ দশমিক ৮ শতাংশ জানিয়েছেন, মামলায় খুব সামান্য অগ্রগতি হয়েছে অথবা কোনো অগ্রগতিই হয়নি। আবার যেসব নারী প্ল্যাটফর্মে অভিযোগ করেছিলেন, তাঁদের ৫৬ শতাংশ জানিয়েছেন, অভিযোগের পর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতার ঘাটতিও গবেষণায় ধরা পড়েছে। অংশগ্রহণকারী নারীদের ৭১ শতাংশ সক্রিয়ভাবে ইন্টারনেট ব্যবহার করলেও ৬৭ শতাংশ কখনো অনলাইন নিরাপত্তা বিষয়ে প্রাতিষ্ঠানিক নির্দেশনা বা প্রশিক্ষণ পাননি। মাত্র ৯ শতাংশ দুই স্তরের নিরাপত্তা যাচাই এবং ৫ শতাংশ পাসওয়ার্ড ব্যবস্থাপক ব্যবহার করেন।
আইন প্রয়োগ ও প্রতিকার ব্যবস্থার সীমাবদ্ধতার মধ্যে গবেষণায় উল্লেখ করা হয়েছে অভিযোগ জানানোর সময় ভুক্তভোগীর গোপনীয়তা রক্ষা না করা, তদন্তের প্রয়োজনে দীর্ঘ সময় মোবাইল ফোন জব্দ রাখা এবং ঢাকার বাইরে ডিজিটাল ফরেনসিক পরীক্ষার সুযোগ সীমিত থাকা। কোনো কোনো ভুক্তভোগীকে সাধারণ ডায়েরি করতে গিয়ে সংবেদনশীল ছবি প্রিন্ট করে জমা দিতে বলা হয়েছে বলেও গবেষণায় উঠে এসেছে।
ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেন, ‘এ ধরনের সহিংসতার শিকার হয়ে আমরা অনেক নারীকে গুটিয়ে নিতে দেখি। বিশেষ করে যাঁরা জনপরিসরে সক্রিয়ভাবে কাজ করেন, তাঁদের কেউ কেউ আত্মনিয়ন্ত্রণ বা সেন্সরশিপের চর্চা করেন। কেউ কেউ অনলাইন প্ল্যাটফর্ম থেকেই সরে যান। এর ফলে তাঁদের মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং অন্যান্য অধিকার চর্চার সুযোগ বাধাগ্রস্ত হয়।’
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ১৬ দিনের কর্মসূচি পালিত হয়। নারী অধিকারকর্মীরা বলছেন, এ সময় নারীর প্রতি অনলাইন সহিংসতার বিষয়টিও আলোচনায় আনা জরুরি। কারণ, নারীর নিরাপত্তা নিশ্চিত করার অর্থ তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করার পরামর্শ দেওয়া নয়; বরং এমন পরিবেশ তৈরি করা, যেখানে একজন নারী নির্ভয়ে নিজের মত প্রকাশ করতে পারবেন, ছবি প্রকাশ করতে পারবেন এবং কাজ ও পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।




