এডেন ঘিরে ফেলছে হুথিরা, আবারও পালানোর প্রস্তুতি নিচ্ছেন ইয়েমেনিরা

ছয় বছর আগে হুথিদের নিয়ন্ত্রণে চলে যাওয়া নিজের এলাকা থেকে পালিয়ে বন্দরনগরী এডেনে এসেছিলেন হুসেইন (ছদ্মনাম)। সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের অস্থায়ী রাজধানী এডেন তখন তুলনামূলক নিরাপদ ছিল। কিন্তু এখন আবারও ঘর ছাড়ার কঠিন সিদ্ধান্তের মুখে পড়েছেন তিনি।
গত সেপ্টেম্বরে ইয়েমেনি সরকারি বাহিনীকে পাশ কাটিয়ে অগ্রসর হয় ইরান-ঘনিষ্ঠ হুথি যোদ্ধারা। এখন তাদের লক্ষ্য এডেন। শহরের উত্তর ও পূর্বে যোদ্ধা জড়ো করে সরকার-নিয়ন্ত্রিত এলাকা ঘিরে ফেলতে শুরু করেছে তারা।
পেশায় স্কুলশিক্ষক হুসেইন একসময় সৌদি আরবের ঘনিষ্ঠ ইসলাহ পার্টির সদস্য ছিলেন। হুথিরা এডেন দখল করলে আগের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে নিপীড়নের শিকার হতে পারেন বলে আশঙ্কা তাঁর। তিনি বলেন, ‘হুথিরা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা শুধু একটি কণ্ঠই শুনতে চায়—যেটি তাদের পছন্দের।’
হুথি যোদ্ধারা এখনো এডেন থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) উত্তরে অবস্থান করছে। তবে সেপ্টেম্বরে সরকারি বাহিনী ও মিত্র মিলিশিয়াদের নাটকীয় পতন দেখা স্থানীয়দের আশঙ্কা, আরেকটি হুথি আক্রমণ ঠেকাতে সরকারি বাহিনী সক্ষম নাও হতে পারে।
২০১৫ সাল থেকে এডেন সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের ঘাঁটি। হুথিরা শহরটি দখল করতে পারলে তা সরকারের জন্য হবে বড় ধাক্কা এবং হুথিদের বিরুদ্ধে বছরের পর বছর যুদ্ধ করা সৌদি নেতৃত্বাধীন জোটের জন্য বড় ব্যর্থতা। ১২ বছর ধরে চলা গৃহযুদ্ধের ভারসাম্যও তখন নাটকীয়ভাবে হুথিদের দিকে ঝুঁকবে।
এডেন ও আশপাশের এলাকা রক্ষায় অনেক যোদ্ধাকে ফিরিয়ে এনেছে ইয়েমেন সরকার। গত সপ্তাহে সরকার ঘোষণা দেয়, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা থেকে যোদ্ধাদের সরিয়ে বন্দরনগরীর দিকে পুনর্বিন্যাস করা হয়েছে।
হুথিদের অগ্রযাত্রা থামাতে সৌদি আরব নতুন করে বিমান হামলা চালাচ্ছে। স্বাধীন ইয়েমেন ডেটা প্রজেক্টের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর থেকে ইয়েমেনে শত শত বিমান হামলায় ১৮১ শিশুসহ ৮২২ বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। হুথি কর্তৃপক্ষের অভিযোগ, জুলাই থেকে সৌদি আরব ৫ হাজার ৫০০ বার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
হুথিরা এডেন দখলের কোনো ইচ্ছার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে তারা কিরিশের উত্তরে এবং আল-বাইদায় সেনা জড়ো করছে—এই এলাকাগুলো দখল হলে এডেনের উত্তর ও পূর্ব দিকের সড়ক বিচ্ছিন্ন হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ঝুঁকি-পরামর্শক প্রতিষ্ঠান বাশা রিপোর্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল-বাশা বলেন, ‘আল-বাইদায় সেনা সমাবেশ আবিয়ান হয়ে এডেনের পূর্ব দিকের সড়ক যোগাযোগ এবং শহরে সৌদি সরবরাহ লাইনকে হুমকির মুখে ফেলতে পারে। হুথিরা এডেনের প্রতিরক্ষা কতটা টিকবে, তা যাচাই করছে বলে মনে হচ্ছে। প্রতিরক্ষা ভেঙে পড়লে তারা শহর দখলের চেষ্টা করতে পারে; সরকারি বাহিনী টিকে গেলে তারা অবরোধের পথ বেছে নিতে পারে।’
এদিকে হুথি বাহিনী এডেন ও আশপাশের এলাকায় হামলা শুরু করেছে। কাছাকাছি বিস্ফোরণের শব্দে উদ্বিগ্ন বাসিন্দারা, আর আশপাশের এলাকা থেকে বাস্তুচ্যুত মানুষ শহরে আসতে শুরু করেছে আগের চেয়ে বেশি সংখ্যায়।
আন্তর্জাতিক সংস্থাগুলোও হুথিদের সম্ভাব্য দখলের জন্য আপৎকালীন পরিকল্পনা করছে। একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার একজন সহায়তা কর্মী জানান, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সপ্তাহে সব কর্মীকে চাকরি ছাড়ার নোটিশ দেওয়ার কথা জানিয়েছে; হুথিরা এডেনে না পৌঁছালে কার্যক্রম চলবে ও চুক্তি নবায়ন হবে, নইলে সেখানেই শেষ। হুথিদের ব্যাপক অগ্রগতির পর তাইজ শহরে ইতিমধ্যে কয়েকটি বেসরকারি সংস্থা বন্ধ হয়ে গেছে।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে তীব্র মানবিক সংকট চলছে; প্রায় ১ কোটি ৮৭ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। লড়াই পরিবহন পথ বিচ্ছিন্ন করে, পণ্যের দাম বাড়িয়ে এবং বাস্তুচ্যুতি সংকট আরও গভীর করে পরিস্থিতি খারাপ করেছে—আগস্ট থেকে বাস্তুচ্যুত হয়েছেন সাড়ে ৩ লাখের বেশি মানুষ।
এডেনের বাসিন্দা রামি (ছদ্মনাম), বয়স ৫৩, ২০১৫ সালে এডেনের চার মাসের যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা এখনো ভুলতে পারেননি। তিনি বলেন, খাবার মজুত করছেন না, কারণ লড়াই শহরে পৌঁছানো পর্যন্ত তিনি এডেনে অপেক্ষা করবেন না; শুধু তিনি নন, তাঁর পরিবারও যেকোনো মুহূর্তে পালাতে প্রস্তুত।



