ইউরোপের বড় নির্বাচনের বছর: চার বড় দেশেই ক্ষমতার পালাবদলের সম্ভাবনা, নজরে কট্টর ডানপন্থা

আগামী ১২ মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্ধেকের বেশি ভোটার ভোট দিতে যাবেন। এই নির্বাচনগুলো মহাদেশটির গতিপথ বদলে দিতে পারে, আর সবার নজর ব্লকটির পাঁচটি বড় দেশের মধ্যে চারটির দিকে।
স্পেন, ফ্রান্স ও পোল্যান্ডে নির্বাচন কট্টর ডানপন্থিদের সরকারে আনতে পারে। ইতালিতে কট্টর ডানপন্থি প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনাই বেশি, তবে তিনি চাপে আছেন নিজের চেয়েও বেশি ডানপন্থি এক প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে।
ইউরোপের কট্টর ডান দলগুলোর খুব কমই ইইউ ছাড়তে চায়, তবে তারা ব্লকটিকে জাতীয় সার্বভৌমত্ব খর্বকারী একটি উপর থেকে চাপিয়ে দেওয়া প্রকল্প হিসেবে দেখে এবং এটিকে অনেক শিথিল একটি কাঠামোতে রূপ দিতে চায়।
স্পেন রোববার ভোটে যাচ্ছে—১১ বছরে এটি দেশটির ষষ্ঠ সাধারণ নির্বাচন। এই আগাম নির্বাচন আট বছর ধরে চলা সমাজতন্ত্রী-নেতৃত্বাধীন শাসনের অবসান ঘটিয়ে কট্টর ডান একটি দলকে সরকারে আনতে পারে।
১৯৭৭ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে স্পেনের প্রতিটি প্রধানমন্ত্রী এসেছেন তিনটি দলের যেকোনো একটি থেকে। ২০২৩ সাল থেকে পেদ্রো সানচেজ তাঁর সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির (পিএসওই) বামে থাকা সুমারের সমর্থন নিয়ে সরকারে আছেন। তবে জরিপ বলছে, পিএসওই ও সুমারের সর্বশেষ রূপ ‘ব্রড ফ্রন্ট’ মিলেও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
তাতে দরজা খুলে যাচ্ছে আলবার্তো নুনেজ ফেইয়োর নেতৃত্বাধীন মধ্য-ডান পিপলস পার্টির (পিপি) জন্য। তবে তাঁকেও সমর্থন লাগবে, এবং ধারণা করা হচ্ছে তিনি ডান দিকে তাকিয়ে সান্তিয়াগো আবাসকালের কট্টর ডান ভক্সকে সরকারে আনবেন। আবাসকাল এ সপ্তাহে এক সমাবেশে বলেছেন, ‘রিমাইগ্রেশন আমার কানে স্বর্গীয় সুরের মতো শোনায়।’
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৭ সালের ১৮ এপ্রিল ও ২ মে। সর্বোচ্চ দুই মেয়াদ পূর্ণ করা প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবার দর্শক থাকবেন। প্রথম রাউন্ডে কেউ ৫০ শতাংশ না পেলে শীর্ষ দুই প্রার্থী যাবেন রানঅফে। জরিপ বলছে, কট্টর ডান রাসঁব্লমঁ নাসিওনালের নেতা মারিন ল পেন তৃতীয়বারের মতো সেই দুজনের একজন হবেন।
তবে আগের বারগুলোর তুলনায় এবার দ্বিতীয় রাউন্ডে তাঁকে চ্যালেঞ্জ করার মতো সুস্পষ্ট কোনো মধ্যপন্থি প্রার্থী নেই। মাক্রোঁর সম্ভাব্য উত্তরসূরিরা—রেনেসাঁর গাব্রিয়েল আতাল ও হরাইজনসের এদুয়ার ফিলিপ—মধ্যপন্থি ভোট ভাগ করছেন। সাবেক সমাজতন্ত্রী রাফায়েল গ্লুক্সমান মধ্য-বামের প্রার্থী হলেও তাঁর বামে আছেন জঁ-লুক মেলাশোঁ, যিনি ল পেনের রানঅফ প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনায় এগিয়ে; সেই লড়াইয়ে জরিপ ল পেনকেই বিজয়ী দেখাচ্ছে।
পোল্যান্ডে গত ২০ বছরে প্রধানমন্ত্রী এসেছেন দুটি দলের একটি থেকে—কট্টর ডান ল অ্যান্ড জাস্টিস (পিআইএস) অথবা ডোনাল্ড টাস্কের মধ্যপন্থি সিভিক কোয়ালিশন (কেও), যারা এখন সরকারে। পিআইএসের সমর্থন কমলেও টাস্ক স্বস্তি পাচ্ছেন না, কারণ সেই সমর্থনের বড় অংশ যাচ্ছে আরও ডানপন্থি দলগুলোর দিকে—জাতীয়তাবাদী কনফেডারেশিয়া ও তাদের সাবেক মিত্র কনফেডারেশন অব দ্য পোলিশ ক্রাউনের দিকে। শেষোক্ত দলটিই একমাত্র যারা পোল্যান্ডের ইইউ ত্যাগের পক্ষে।
টাস্কের জন্য আরও দুশ্চিন্তা, তাঁর তিন জোটসঙ্গীর দুটি—পোলস্কা ২০৫০ ও পিএসএল—সংসদে ঢুকতে প্রয়োজনীয় ৫ শতাংশ ভোটের সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে। পোল্যান্ডে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৭ সালের ২২ ডিসেম্বরের মধ্যে।
চতুর্থ বড় দেশ ইতালিতে কট্টর ডানপন্থিরা ক্ষমতায় আছে ২০২২ সাল থেকে। জর্জা মেলোনির ব্রাদার্স অব ইতালি লেগা ও ফোরজা ইতালিয়ার সঙ্গে জোটে আছে। বাজির সাইট পলিমার্কেট অনুযায়ী নির্বাচনের পরও মেলোনির প্রধানমন্ত্রী থাকার সম্ভাবনাই বেশি। তবে চাপ আসছে ডান দিক থেকেই—অবসরপ্রাপ্ত জেনারেল রোবের্তো ভান্নাচ্চি নতুন কট্টর ডান দল ফুতুরো নাজিওনালে গড়েছেন, যা জরিপে মেলোনির জোটসঙ্গীদের অন্তত সমান সমর্থন পাচ্ছে।

