গুম-খুনের ঘটনায় প্রতি সপ্তাহে জেলায় জেলায় গণশুনানি, সব দলকে চিঠি দিচ্ছে প্রসিকিউশন

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতনসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে সব নির্যাতিত রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করা হবে।
আজ বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা সারাদেশে সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছি। সরকার এই বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত সব রাজনৈতিক দল, সংগঠন, আহত, নিহতদের পরিবারসহ সকলের কাছে চিঠি পাঠাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করব। সেই গণশুনানির মধ্যে প্রত্যেক জেলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবং সব রাজনৈতিক দলের উপস্থিতিতে বিশেষ করে নিপীড়িত রাজনৈতিক দল বা সংগঠনের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হবে।’
চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব হত্যা, বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন বা অন্যান্য মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর তথ্য সংগ্রহ করা হবে। যদি কোনো ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু হয়ে থাকে, সে মামলাগুলোর কাগজপত্র পর্যালোচনা করা হবে।’
তিনি বলেন, ‘যদি কোনো মামলা না হয়ে থাকে, সেই ভিকটিম পরিবারকে চিহ্নিত করব এবং যদি সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য হয়, তাহলে সেই বিষয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করা হবে। প্রয়োজনবোধে যদি ওখানে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে পাওয়া যায়, তাদের গ্রেপ্তার করা হবে।’
চিফ প্রসিকিউটর জানান, যশোর জেলা থেকে এই কার্যক্রম শুরু হবে। কোনো কারণে কোনো জেলায় নির্ধারিত কর্মসূচি করা না গেলে অন্য কোনো জেলার মাধ্যমে সেই কার্যক্রম চালানো হবে।
গুমের মামলার তদন্ত নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী, বিএনপি নেতা সুমনসহ গুমের মামলাগুলোর তদন্ত চলমান আছে। বিশেষ করে ২৮০ জনের মতো হিসাব আছে যাঁরা গুমের শিকার, যাঁদের সন্ধান আমরা এখনো পাইনি।’




