…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ই-ফ্রাংকিংয়ে ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি টাকা, মাসিক রাজস্ব বেড়েছে ৪৯ গুণ

নিজস্ব প্রতিবেদক

ডাকটিকিটের প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। স্মার্ট পোস্টেজ বা ই-ফ্রাংকিং ব্যবস্থা চালুর পর থেকে গত ১৫ নভেম্বর পর্যন্ত এ পদ্ধতিতে ৫০ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। মাত্র ১১ মাসের ব্যবধানে মাসিক রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ। ডাক অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

ডাক অধিদপ্তর জানায়, সীমিত পরিসরে পরীক্ষামূলক কার্যক্রম শেষে ২০২৫ সালের অক্টোবর থেকে ই-ফ্রাংকিং ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু হয়। পরীক্ষামূলক সময়ের আয়সহ চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত এ ব্যবস্থায় মোট ৫০ কোটি ৬০ লাখ টাকা মাশুল জমা হয়েছে। গত ছয় মাস ধরে প্রতি মাসে গড়ে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হচ্ছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, নতুন এ পদ্ধতি চালুর পর থেকে মাশুল আদায়ে অভূতপূর্ব গতি এসেছে। এ ধারাবাহিকতা বজায় রেখে আগামী দুই বছরে ই-ফ্রাংকিংয়ের মাধ্যমে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করছে ডাক বিভাগ।

স্মার্ট পোস্টেজ ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতিতে চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্যের ডাক মাশুল নেওয়া হচ্ছে। গ্রাহক মাশুল পরিশোধ করলে বারকোডযুক্ত একটি আঠালো লেবেল ছাপা হয়, যা ডাকপণ্যের গায়ে লাগানো হয়। প্রতিটি লেবেল তৈরিতে খরচ হয় মাত্র ৫০ পয়সা। বর্তমানে দেশের প্রায় ২০০টি ডাকঘরে এ সেবা চালু রয়েছে।

ডাক বিভাগের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে মাত্র তিনটি বুকিংয়ের বিপরীতে ডাক মাশুল আদায় হয়েছিল ৫৮ টাকা। চলতি বছরের অক্টোবরে বুকিং বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৯১টিতে। এ মাসে আদায় হয়েছে ৭ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৬১ টাকা। অর্থাৎ ১১ মাসের ব্যবধানে মাসিক বুকিং বেড়েছে প্রায় ৪৪ গুণ এবং রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ।

ডাক অধিদপ্তরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো. শাহ আলম ভূঁইয়া বলেন, আগে ডাকটিকিট তৈরি, ফ্রাংকিং মেশিন কেনা ও রক্ষণাবেক্ষণ এবং মেশিনের কালিতে খরচ হতো। বর্তমানে এ তিন খাতেই ব্যয় সাশ্রয় হচ্ছে। এ ছাড়া নতুন পদ্ধতিতে ডাকটিকিট খুলে পড়ার ঝুঁকি ও মাশুল আদায়ে জালিয়াতির আশঙ্কাও কমেছে।

তিনি জানান, গ্রাহক মোবাইলের আর্থিক সেবা বা ব্যাংক হিসাব থেকে এ-চালানের মাধ্যমে ডাক মাশুল পরিশোধ করে প্রি-পেইড ব্যালেন্স নিতে পারেন। পরে ডাক বিভাগের ডিজিটাল মেইল সিস্টেম ব্যবহার করে অনলাইনে চিঠি, পার্সেল ও ই-কমার্স পণ্য প্রি-বুকিং করা যায়।

ডাক অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ৯ হাজারের বেশি ডাকঘর থাকলেও রাজস্ব অফিস ১ হাজার ৫০০টি। বর্তমানে এসব রাজস্ব অফিসের প্রায় ১৩ শতাংশে ই-ফ্রাংকিং চালু রয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ের ডাকঘরসহ অন্যান্য রাজস্ব অফিসে এ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, আগামী দুই বছরে ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের পাশাপাশি গ্রামীণ পর্যায়েও এ সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি চালু হওয়া ফ্র্যাঞ্চাইজি ডাকঘরগুলোতেও ই-ফ্রাংকিং সুবিধা রাখা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোট…

অর্থনীতি ও ব্যবসা

অজান্তেই বিক্রি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য: বিজ্ঞাপনের আড়ালে কয়েক বিলিয়ন ডলারের বাজার

স্মার্টফোনে আবহাওয়ার খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা কিংবা গাড়ি চালানোর মতো দৈনন্দিন কাজের তথ্য ব্যবহারকারীর অজান্তেই একাধিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে …

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই
অর্থনীতি ও ব্যবসা

বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্কের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের, তদন্তের ফল আসতে পারে মঙ্গলবারই

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তিন সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়ে…