লাহিড়ী মোহনপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বনলতা ও সিল্কসিটি থামালেন এলাকাবাসী
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে পাবনা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কর্মসূচি চলাকালে তাঁরা কিছু সময়ের জন্য বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন অবরোধ করে রাখেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল নয়টা থেকে লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে এই কর্মসূচি পালন করা হয়। রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন অবরোধের মধ্য দিয়ে সকাল নয়টায় কর্মসূচি শুরু হয়। প্রায় ১০ মিনিট থামিয়ে রাখার পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।
একইভাবে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনও প্রায় ২০ মিনিট থামিয়ে রাখার পর ছেড়ে দেওয়া হয়।
কর্মসূচি চলাকালে স্থানীয়রা বলেন, একসময়ের ঐতিহ্যবাহী লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে বর্তমানে একটি লোকাল ট্রেন ছাড়া অন্য কোনো ট্রেনের যাত্রাবিরতি নেই। ফলে উল্লাপাড়াসহ প্রায় পাঁচটি উপজেলার মানুষ রেলসুবিধা থেকে বঞ্চিত হয়ে ভোগান্তি পোহাচ্ছেন।
এই অবস্থা নিরসনে অনতিবিলম্বে পাবনা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে যাত্রাবিরতি ঘোষণা করতে হবে বলে দাবি জানান তাঁরা। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণাও দেওয়া হয় কর্মসূচি থেকে।
কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



