ইউরোপজুড়ে বাড়ছে ছোট গাড়ির জনপ্রিয়তা, কিশোররাই এখন বড় ক্রেতা

ইউরোপে একসময় বয়স্ক ও গ্রামীণ মানুষের গাড়ি হিসেবে পরিচিত অতি ছোট গাড়িগুলো এখন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। ফ্রান্সে ১৬ বছর বয়সী সেলেনা বুসে তাঁর সিট্রোয়েন অ্যামি গাড়িটি নিয়ে স্কুলে যাতায়াত করেন এবং সাপ্তাহিক ছুটিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে যান। তিনি বলেন, ‘স্কুলে যাওয়ার জন্য আমার এটি সত্যিই দরকার ছিল। আমি যেখানে থাকি, এমন গ্রামীণ এলাকায় এটি অপরিহার্য।’
এই গাড়িগুলোকে মোটরচালিত চার চাকার যান বা এক অর্থে চার চাকার মোপেড হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। ফ্রান্স ও ইতালিতে সড়ক নিরাপত্তা সনদ ও আট ঘণ্টার প্রশিক্ষণ নিয়ে ১৪ বছর বয়স থেকেই এগুলো চালানো যায়। জার্মানি ও স্পেনে এই বয়স ১৫ এবং যুক্তরাজ্যে ১৬।
বিক্রির হিসাবেও এই পরিবর্তন স্পষ্ট। ফ্রান্সে এসব গাড়ির নিবন্ধন ২০১৯ সালের প্রায় ১৩ হাজার থেকে বেড়ে গত বছর প্রায় ২৫ হাজারে পৌঁছেছে। পুরো ইউরোপে গত পাঁচ বছরে বিক্রি ৩০ হাজার থেকে বেড়ে ৬০ হাজার হয়েছে। ২০২০ সালে বাজারে আসা সিট্রোয়েন অ্যামি এই চিত্র বদলে দিয়েছে, আর এখন অতি ছোট গাড়ির মোট বিক্রির এক-চতুর্থাংশই কিশোর ক্রেতাদের হাতে।
তবে এই গাড়িগুলোর সীমাবদ্ধতাও কম নয়। সর্বোচ্চ গতি ঘণ্টায় মাত্র ৪৫ কিলোমিটার (২৮ মাইল), আর মহাসড়কে এগুলো চালানো নিষেধ। সেলেনা বলেন, দ্রুতগতির রাস্তায় পেছনের গাড়িগুলো মাঝে মাঝে হর্ন বাজায়, কিন্তু তাঁর পক্ষে এর চেয়ে দ্রুত চালানো সম্ভব নয়।
ফ্রান্সের আরেক চালক দানিয়েল লাপ্রে ফরাসি প্রতিষ্ঠান ও বাজার নেতা আইক্সামের তৈরি একটি মাইক্রোকার চালান। ৭৭ বছর বয়সী লাপ্রে কানাডীয় নাগরিক; দুই বছর আগে স্ত্রীকে নিয়ে প্যারিস থেকে একটি গ্রামে চলে আসেন। সময়মতো বিদেশি লাইসেন্স বদলাতে না পারায় তিনি ফ্রান্সে গাড়ি চালানোর অধিকার হারান। তিনি বলেন, লাইসেন্স ছাড়া চালানো যায় এমন গাড়ির কথা শোনার পর সেটিই তাঁদের সমস্যার ‘যথাযথ সমাধান’ হয়ে দাঁড়ায়—সস্তা, চালানোর খরচ কম, প্রশাসনিক আনুষ্ঠানিকতা প্রায় নেই এবং বীমা পাওয়া যায়।
তবে নিরাপত্তা নিয়ে লাপ্রের উদ্বেগ আছে। তাঁর ভাষায়, এই গাড়িগুলো ‘চাকার ওপর টিনের বাক্সের চেয়ে বেশি কিছু নয়’। তিনি জানান, পেছনের গাড়িগুলোকে পথ ছেড়ে দিতে তিনি নিজেই রাস্তার পাশে সরে যান, আর ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিসীমার জাতীয় মহাসড়কে একবার উঠে যে ভয় পেয়েছিলেন, তাতে আর কখনো সেখানে উঠবেন না।
ঐতিহ্যগতভাবে এই গাড়ির বাজার ছিল গ্রামে বসবাসকারী বয়স্ক মানুষ এবং অনেক ক্ষেত্রে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে লাইসেন্স হারানো ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ২০২০ সালে বৈদ্যুতিক সিট্রোয়েন অ্যামি আসার পর ক্রেতার ধরন ও পণ্য দুটোই বদলে গেছে।
এএএ ডেটার বাজার বিশ্লেষক মারি-লর নিভো বলেন, অ্যামির আগমনই ছিল এই খাতের রূপান্তরের শুরু, আর বাজারে আরও বেশি বৈদ্যুতিক মডেল আসছে। তাঁর হিসাব অনুযায়ী, ২০২৬ সালে নতুন লাইসেন্সবিহীন গাড়িগুলোর ৬৭ শতাংশের বেশি বৈদ্যুতিক। তিনি আরও বলেন, মোটরচালিত দুই চাকার যানের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিয়ম প্রয়োগ নির্মাতাদের জন্য ব্যয়বহুল হয়ে পড়ায় ২০২০ সালের পর থেকে মোপেড ও ছোট স্কুটার প্রায় হারিয়ে গেছে এবং লাইসেন্সবিহীন গাড়ি সেগুলোর জায়গা নিয়েছে।
ফ্রান্সে ২০২৪ সাল পর্যন্ত এই গাড়ির বিক্রি জোরালোভাবে বাড়লেও বৈদ্যুতিক মডেলের ভর্তুকি প্রত্যাহারের পর তা স্থির হয়ে এসেছে। তবু প্রতিযোগিতা বাড়ছে। আইক্সাম ফ্রান্সে উৎপাদন সক্ষমতা বাড়াতে ৩ কোটি ইউরো (২৫ মিলিয়ন পাউন্ড, ৩ কোটি ৩০ লাখ ডলার) বিনিয়োগ করেছে এবং ফরাসি বাজার ধীর হলেও অন্যান্য ইউরোপীয় দেশে তাদের বিক্রি বাড়ছে।
আইক্সামের বিক্রয় ও বিপণন পরিচালক টম ফাগেত বলেন, বহুজাতিক প্রতিষ্ঠান স্টেলান্টিসের ব্র্যান্ড সিট্রোয়েন এই ছোট বাজারে আসা আসলে বিদ্যমান ফরাসি নির্মাতাদের জন্যই ভালো হয়েছে, কারণ তাদের প্রচারশক্তি মানুষকে বুঝতে সাহায্য করেছে যে ফ্রান্সে ১৪ বছর বয়স থেকেই এই যান চালানো সম্ভব।
ফ্রান্সের আরেক নির্মাতা লিজিয়ের বিপণন পরিচালক রোমাঁ ইলেগেমস বলেন, সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ক্রেতাদের মধ্যে। তাঁর ভাষায়, আগে এই যান ছিল বাধ্য হয়ে ব্যবহারের জিনিস, আজ কিশোররা স্কুটার বা মোপেডের বদলে নিজে থেকে এগুলো বেছে নিচ্ছে, কারণ এগুলো বেশি নিরাপদ এবং আবহাওয়া থেকে সুরক্ষা দেয়। এখন লিজিয়ের গ্রাহকদের ৪০ শতাংশই তরুণ।
সীমাবদ্ধতা অবশ্য রয়েই গেছে—মাত্র দুটি আসন, সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার এবং মহাসড়কে নিষেধাজ্ঞা। কিন্তু সেলেনার কাছে বীমা ছাড়া মাসে ৬০ ইউরো ভাড়ায় পাওয়া তাঁর অ্যামি স্বাধীনতার জন্য ছোট মূল্য।

