নতুন জিনিস কেনার আনন্দ কেন টেকে না, আর এই চক্র থেকে বেরোনোর উপায়

নতুন কিছু কেনার মুহূর্তে যে আনন্দ ও উত্তেজনা হয়, তা বেশিদিন টেকে না—বলছেন সাংবাদিক এরিক অ্যাথাস। সেপ্টেম্বরে প্রকাশিত তাঁর নতুন বই ‘সেয়িং নো টু নিউ’-তে তিনি লিখেছেন, কেন মানুষ বারবার নতুন জিনিসের পেছনে ছুটে এবং কীভাবে এই চক্র থেকে বেরোনো যায়।
অ্যাথাসের মতে, মানুষের মস্তিষ্কই নতুনত্ব খোঁজার জন্য তৈরি। প্রাচীন যুগে পূর্বপুরুষদের জন্য নতুন খাবার ও নতুন এলাকা খোঁজা ছিল বেঁচে থাকার জন্য উপকারী।
গবেষণায় দেখা গেছে, নতুন কিছুর মুখোমুখি হলে মস্তিষ্কে সামান্য ডোপামিন নিঃসরণ হয়। নতুন অ্যাপ প্রথমবার ব্যবহার, নতুন ভিডিও গেম খেলা বা রান্নাঘরের নতুন যন্ত্র বাসায় আনার সময় যে উত্তেজনা হয়, তার পেছনে এই প্রক্রিয়া কাজ করে।
কিন্তু সমস্যা হলো, এই আনন্দ স্থায়ী হয় না। বিজ্ঞান বলছে, নতুন জিনিস থেকে পাওয়া ভালো লাগা ধরে রাখা যায় না; ফলে মানুষ আবার আরেকটি নতুন জিনিসের পেছনে ছুটে—এভাবেই চলতে থাকে অবিরাম কেনাকাটার চক্র। অ্যাথাস বলেন, হাতে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা কঠিন হয়ে পড়ে, যখন চোখ সব সময় অন্য কিছুর দিকে থাকে।
তাঁর মতে, এখন এই চাপ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। শপিং অ্যাপে ঘোরাঘুরি হোক বা দোকানের তাক—চারপাশে এমন সব ইঙ্গিত সাজানো থাকে, যা ক্রেতার সিদ্ধান্তকে প্রভাবিত করে। যেমন অনলাইন চেকআউট পেজে কাউন্টডাউন ঘড়ি দিয়ে বলা হয়, তিন মিনিটের মধ্যে কিনলে ২৫ শতাংশ ছাড়—এটি উদ্বেগ তৈরি করে তাড়াহুড়ো করে কেনাতে বাধ্য করার কৌশল।
পাশাপাশি এখন আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত ও সহজে কেনাকাটা করা যায়; পুরো প্রক্রিয়াটি নিরবচ্ছিন্ন ও ঝামেলাহীন করে তোলা হয়েছে।
এই চক্র ভাঙতে অ্যাথাস পরামর্শ দেন, নতুন জিনিস দেখা আর তা পাওয়ার মধ্যে ‘সময় ও দূরত্ব’ বাড়াতে। তিনি একে বলেন ‘নতুন জিনিসের ব্যবধান’। যেমন কোনো বিক্রেতার অ্যাপ মুছে ফেলা, ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ডের তথ্য সরিয়ে ফেলা, কিংবা পছন্দের জিনিসটি কার্টে রেখে ২৪ ঘণ্টা অপেক্ষা করা। গবেষকদের মতে, কেনাকাটা বিলম্বিত করলে সেই জিনিসের প্রতি আগ্রহ কমতে শুরু করে।
পুরোনো জিনিস থেকেও আনন্দ পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। একটি গবেষণায় জাদুঘরের প্রদর্শনী ঘুরে দেখা অংশগ্রহণকারীরা ভেবেছিলেন, দ্বিতীয়বার একই প্রদর্শনী দেখলে কম মজা পাবেন। কিন্তু আবার ঘোরানোর পর তাঁরা বলেছেন, দ্বিতীয়বারও ততটাই কিংবা আরও বেশি উপভোগ করেছেন—কারণ প্রথমবার চোখে না পড়া অনেক খুঁটিনাটি এবার ধরা পড়েছে।
অ্যাথাসের মতে, লক্ষ্য সব নতুন জিনিসকে ‘না’ বলা নয়; লক্ষ্য হলো সচেতনভাবে বেছে নেওয়া। বই, সিনেমা, বোর্ড গেম কিংবা প্রিয় পাড়ার রেস্তোরাঁ—পুরোনো অভিজ্ঞতা আবার ফিরে দেখলে অর্থ, সময় ও মনোযোগের ওপর চাপ কমিয়ে আনন্দ খুঁজে পাওয়া যায়।

