ব্যালন ডি’অর ভোটে মেসির পছন্দের তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ইনিয়েস্তা

রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। শুধু এই পুরস্কার জেতাই নয়, ফুটবলের এই সম্মানজনক পুরস্কারের ভোটাভুটিতেও অংশ নিয়েছেন আর্জেন্টাইন তারকা। ফ্রান্স ফুটবলের প্রকাশিত তালিকা অনুযায়ী, মেসির ভোট পেয়েছেন মোট ১৭ জন ফুটবলার।
তালিকা অনুযায়ী, মেসির ভোটপ্রাপ্তদের মধ্যে সাতজন ভোট পেয়েছেন মূল ব্যালন ডি’অরের জন্য। তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক সতীর্থ আনহেল দি মারিয়া, সার্জিও আগুয়েরো ও হাভিয়ের মাশচেরানো।
একই তালিকায় রয়েছেন মেসির ক্লাব ফুটবলের দীর্ঘদিনের সতীর্থ জাভি হার্নান্দেস, আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার ও লুইস সুয়ারেস। সুয়ারেসকে বার্সেলোনায় পেয়েছিলেন মেসি, এখন ইন্টার মায়ামিতেও তাঁরা সতীর্থ। জাভি, ইনিয়েস্তা ও নেইমার ছিলেন তাঁর সাবেক সতীর্থ।
মেসির ভোট পাওয়া অপর ১০ ফুটবলার মূলত ভোট পেয়েছেন কোপা ট্রফির জন্য। ২১ বছরের কম বয়সী ফুটবলারদের অনুপ্রাণিত করতে এই পুরস্কার দেওয়া হয়। তাঁরা হলেন পেদ্রি, নুনো মেন্দেস, জুড বেলিংহাম, গাভি, জামাল মুসিয়ালা, লামিন ইয়ামাল, পাউ কুবারসি, আলেহান্দ্রো গারনাচো, দেজিরে দুয়ে ও ইব্রাহিম মাজা।
মেসি ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মূল ব্যালন ডি’অরের ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। সে সময় জাতীয় দলের অধিনায়কেরা এই পুরস্কারের বিচারকমণ্ডলীর সদস্য ছিলেন। অন্যদিকে ২০২১ সাল থেকে তিনি তরুণ ফুটবলারদের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রবর্তিত কোপা ট্রফির বিজয়ী নির্বাচনে অংশ নিচ্ছেন।
ব্যালন ডি’অরের ভোটে চার আর্জেন্টাইন ফুটবলারের উপস্থিতি উল্লেখযোগ্য। তাঁরা হলেন আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশচেরানো ও আলেহান্দ্রো গারনাচো। প্রথম তিনজন মূল ব্যালন ডি’অরের ভোটে জায়গা পেয়েছিলেন। বর্তমানে অ্যাস্টন ভিলার হয়ে খেলা গারনাচো ছিলেন কোপা ট্রফির মনোনীতদের তালিকায়।
ভোট দেওয়ার ক্ষেত্রে মেসি মূলত বার্সেলোনা কিংবা আর্জেন্টিনা জাতীয় দলে তাঁর সতীর্থ ছিলেন এমন খেলোয়াড়দেরই প্রাধান্য দিয়েছেন। তাঁর ভোটে সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। পাঁচটি আসরেই মেসির সেরা তিনে ছিলেন ইনিয়েস্তা, এর মধ্যে দুবার প্রথম স্থানেও ছিলেন তিনি।
সবচেয়ে উল্লেখযোগ্য ভোটগুলোর একটি ছিল ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালের পর। সেবার মেসি প্রথম স্থানে রেখেছিলেন আনহেল দি মারিয়াকে এবং তৃতীয় স্থানে রেখেছিলেন হাভিয়ের মাশচেরানোকে। ভোটের নিয়ম অনুযায়ী, প্রথম স্থান পাওয়া খেলোয়াড় পেতেন পাঁচ পয়েন্ট, দ্বিতীয় স্থান পাওয়া খেলোয়াড় তিন পয়েন্ট এবং তৃতীয় স্থান পাওয়া খেলোয়াড় এক পয়েন্ট।
বছর অনুযায়ী মেসির মূল ব্যালন ডি’অর ভোট ছিল—২০১১ সালে জাভি হার্নান্দেস প্রথম, আন্দ্রেস ইনিয়েস্তা দ্বিতীয় ও সার্জিও আগুয়েরো তৃতীয়; ২০১২ সালে ইনিয়েস্তা প্রথম, জাভি দ্বিতীয় ও আগুয়েরো তৃতীয়; ২০১৩ সালে ইনিয়েস্তা প্রথম, জাভি দ্বিতীয় ও নেইমার তৃতীয়; ২০১৪ সালে দি মারিয়া প্রথম, ইনিয়েস্তা দ্বিতীয় ও মাশচেরানো তৃতীয়; এবং ২০১৫ সালে লুইস সুয়ারেস প্রথম, নেইমার দ্বিতীয় ও ইনিয়েস্তা তৃতীয়।
কোপা ট্রফির ভোটাভুটিতে মেসি অংশ নিয়েছেন ছয়টি আসরে। বছর অনুযায়ী তাঁর ভোট ছিল—২০২১ সালে পেদ্রি প্রথম, নুনো মেন্দেস দ্বিতীয় ও জুড বেলিংহাম তৃতীয়; ২০২২ সালে গাভি প্রথম, মেন্দেস দ্বিতীয় ও বেলিংহাম তৃতীয়; ২০২৩ সালে জামাল মুসিয়ালা প্রথম, পেদ্রি দ্বিতীয় ও বেলিংহাম তৃতীয়; ২০২৪ সালে লামিন ইয়ামাল প্রথম, পাউ কুবারসি দ্বিতীয় ও আলেহান্দ্রো গারনাচো তৃতীয়; ২০২৫ সালে ইয়ামাল প্রথম, দেজিরে দুয়ে দ্বিতীয় ও কুবারসি তৃতীয়; এবং ২০২৬ সালে ইয়ামাল প্রথম, কুবারসি দ্বিতীয় ও ইব্রাহিম মাজা তৃতীয়।
সর্বশেষ আসরে মেসির ভোট গুরুত্বপূর্ণ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। লামিন ইয়ামাল ৯৬ ভোট পেয়ে পাউ কুবারসিকে পেছনে ফেলেছিলেন, যেখানে কুবারসি পেয়েছিলেন ৯৪ ভোট।



