…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

অবহেলা আর মালিকানা-বিরোধে ধ্বংসের মুখে সোনারগাঁয়ের ক্রোড়িবাড়ি টাঁকশাল

নিজস্ব প্রতিবেদক

প্রাচীন বাংলার মুদ্রা তৈরির ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক ক্রোড়িবাড়ি টাঁকশাল এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। একসময় যে স্থাপনায় মুদ্রা তৈরি ও সংরক্ষণ করা হতো, অযত্ন-অবহেলা, সংস্কারের অভাব এবং জমির মালিকানা নিয়ে বিরোধে সেই স্থাপনাই হারিয়ে যেতে বসেছে। স্থানীয়দের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও স্থাপনাটি রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

স্থাপনাটি সোনারগাঁ পৌরসভার আমিনপুর গ্রামে ঐতিহাসিক পানাম নগরের কাছে অবস্থিত এবং স্থানীয়ভাবে ‘ক্রোড়িবাড়ি’ নামে পরিচিত। ইতিহাসবিদদের মতে, সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানী ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক-বাণিজ্যিক কেন্দ্র থাকাকালে এখানে মুদ্রা তৈরির জন্য দুটি টাঁকশাল গড়ে উঠেছিল। একটি ছিল আমিনপুরে, অন্যটি জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায়। মহজমপুরের টাঁকশালটি সময়ের ব্যবধানে বিলীন হয়ে গেছে, আর আমিনপুরের ক্রোড়িবাড়ি টিকে থাকলেও সংরক্ষণের অভাবে এর অস্তিত্ব হুমকির মুখে।

স্থানীয় সূত্র ও প্রত্নতাত্ত্বিক বিবরণ অনুযায়ী, সোনারগাঁয়ে মুসলিম শাসনামলে মুদ্রা উৎপাদনের প্রচলন ঘটে। বিশেষ করে ইলিয়াস শাহী বংশের শাসনামলে এ অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব বাড়ে। ১৩৫৩ খ্রিষ্টাব্দে বাংলায় ইলিয়াস শাহী শাসনের সূচনা হয়, এবং ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে, এই বংশের অন্যতম শাসক সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে সোনারগাঁয়ে নিজস্ব মুদ্রার প্রচলন ঘটে। একসময় এখানকার টাঁকশাল থেকে উৎপাদিত মুদ্রা প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহৃত হতো।

সরেজমিনে দেখা গেছে, ক্রোড়িবাড়ির পুরোনো ভবনটির দেয়ালে জন্মেছে বটগাছ, চারপাশে ছড়িয়ে আছে আগাছা ও লতাপাতা, আর দেয়ালের বিভিন্ন অংশ ক্ষয়ে গেছে। ভবনের গায়ে রয়েছে লতাপাতা ও নানা অলংকরণ, ঢেউখেলানো খিলান এবং বাজপাখি ও পদ্মফুলের খোদাই করা প্রতিকৃতি। ভেতরে রয়েছে অসংখ্য ছোট ছোট খুপরি ও কুঠুরি। ধারণা করা হয়, ভূগর্ভস্থ কুঠুরিগুলোতে একসময় সরকারি মুদ্রা ও সোনার মোহর রাখা হতো।

ভবনটির উত্তর পাশে রয়েছে বিশাল একটি দিঘি। একসময় দিঘির চারপাশে শান বাঁধানো ঘাট ছিল, বর্তমানে যার অধিকাংশ চিহ্ন হারিয়ে গেছে। পুরো স্থাপনাটি সংস্কার ও সংরক্ষণের অভাবে ক্রমেই জীর্ণ হয়ে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটি তাঁদের কাছে ক্রোড়িবাড়ি নামেই পরিচিত। মোগল সম্রাট আকবরের আমলে পরগনার রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব সংগ্রাহকদের পদবি ছিল ‘ক্রোড়ি’। ইতিহাসে উল্লেখ রয়েছে, ১৫৭৪ খ্রিষ্টাব্দে সম্রাট আকবর ১৮২ জন ক্রোড়ি নিয়োগ করেছিলেন। ধারণা করা হয়, তাঁদের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই স্থাপনাটির নাম হয়েছে ক্রোড়িবাড়ি।

ঐতিহাসিক স্থাপনাটির জমির মালিকানা নিয়ে রয়েছে বিরোধ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ একর ৮১ শতাংশ জমির ওপর অবস্থিত ক্রোড়িবাড়ির একটি অংশ নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। স্থানীয় পৌরসভা জমিটি অধিগ্রহণ করে সেখানে পৌরভবন নির্মাণের উদ্যোগ নিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

বাড়িটির তত্ত্বাবধায়ক সুমনের ভাষ্য অনুযায়ী, জমিটির মালিক ছিলেন মৃত অমল দাস গুপ্ত; বর্তমানে তাঁর ছেলে অসীম দাস গুপ্ত উত্তরাধিকার সূত্রে সম্পত্তিটি দেখভাল করছেন। তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন অসীম দাস গুপ্ত। তাঁর দাবি, এসএ ও আরএস রেকর্ড অনুযায়ী জমিটি তাঁর পূর্বপুরুষদের নামে রয়েছে এবং ১৯১২ সালের দিকে তাঁর বাবা নিজের নামে তা রেকর্ড করান। এখানে কোনো টাঁকশাল ছিল বলে তিনি কখনো শোনেননি বলেও জানান তিনি।

অন্যদিকে স্থানীয় ইতিহাসবিদদের দাবি, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় স্থাপনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণের আওতায় আনা প্রয়োজন। তাঁদের মতে, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলেও প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন স্থাপনাটির ইতিহাস ও স্থাপত্য সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া জরুরি। সোনারগাঁয়ের লেখক ও ইতিহাস গবেষক শামসুদ্দোহা চৌধুরী বলেন, ক্রোড়িবাড়ি টাঁকশাল সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন, এবং এই ভবন দেখতে দেশি-বিদেশি ইতিহাসবিদ ও পর্যটকদের আগ্রহ রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…

নয় দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের সড়ক অবরোধ, তিন দিনের জন্য কারখানা বন্ধ
জাতীয়

নয় দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের সড়ক অবরোধ, তিন দিনের জন্য কারখানা বন্ধ

বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ নয় দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ…

৪২ দিন বন্ধের পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু
জাতীয়

৪২ দিন বন্ধের পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে টানা ৪২ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার…

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …