কেইপিজেডে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ, প্রশিক্ষণ দিয়ে নিয়োগের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার স্থানীয় নারী-পুরুষকে চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিয়োগে স্থানীয় যোগ্য প্রার্থীদের উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নেওয়ার অভিযোগ তুলে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে আনোয়ারা উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড)-এর মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু হয়।
সকাল ৯টার দিকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে। পরে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর স্থানীয়দের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের যথাযথ সুযোগ দেওয়া হচ্ছে না। তাঁদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে।
সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানোর বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে বলে বিক্ষোভকারীরা জানান।
বিক্ষোভকারীরা বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে এলাকার যোগ্য বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। কেইপিজেড প্রতিষ্ঠার সময় স্থানীয়দের কর্মসংস্থান নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি পূরণ হয়নি বলেও তাঁরা বলেন।
তাঁরা আরও বলেন, কেইপিজেড কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রায় ২০ মিনিট বৈঠক হয়েছে। বৈঠকে কেইপিজেড ও সিপিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের প্রস্তাব ইতিবাচকভাবে শুনেছেন।
বৈঠকে স্থানীয় যোগ্য প্রার্থীদের পাশাপাশি যাঁদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা রয়েছে কিন্তু অভিজ্ঞতা নেই, তাঁদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিশেষ করে এলাকার নারীদের চাকরিতে অগ্রাধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে বিক্ষোভকারীরা জানান।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে শুরু হওয়া কর্মসূচি সকাল ৯টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সমাধান হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষোভকারীরা মূল সড়কে অবস্থান নেননি, তাঁরা কেইপিজেডের মূল ফটকের সামনে ছিলেন, ফলে যানজটের সৃষ্টি হয়নি।
কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান বলেন, কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারী শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে প্রচার চালাচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের প্রশ্ন ছিল, স্থানীয় লোকজনকে বাদ দিয়ে কেন অন্য জেলা থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল বলে তিনি বলেন।
উল্লেখ্য, কেইপিজেডের পক্ষ থেকে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দান অনুষ্ঠানকে কেন্দ্র করে গত ১৯ ও ২০ নভেম্বর দুই দিনব্যাপী নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানো হয়। এ সময় চাকরিপ্রত্যাশীদের বিভিন্ন তথ্য জানাতে একটি স্টলও স্থাপন করা হয়।



