লক্ষ্মীপুরের রায়পুরে ফেলে দেওয়া নারিকেলের ছোবা এখন কয়েক পরিবারের জীবিকা
একসময় ফেলে দেওয়া হতো নারিকেলের ছোবা। সেই অবহেলিত ছোবাই এখন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজার এলাকার অন্তত ৮ থেকে ১০টি পরিবারের জীবিকার অবলম্বন হয়ে উঠেছে। সরকারি সহায়তা ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে এই শ্রমনির্ভর ক্ষুদ্র শিল্প।
দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা নারিকেল থেকে ছোবা ছাড়িয়ে মেশিনে মাড়াই করা হয়। পরে রোদে শুকিয়ে ২০ ও ৫০ কেজি ওজনের বেল্ট আকারে তৈরি করে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে।
এসব ছোবা জাজিম, সোফা ও চেয়ারের গদি তৈরিতে ব্যবহৃত হয়। পাশাপাশি প্রক্রিয়াজাত ছোবাজাত পণ্য কোকোপিট ব্যবহৃত হচ্ছে ছাদবাগান ও চারা উৎপাদনে।
প্রায় ১৮ বছর ধরে এই পেশায় যুক্ত শ্রমিক আবুল কালাম। ছোবা ছাড়ানো ও প্রক্রিয়াজাতকরণের কাজ করেই চলে তাঁর সংসার।
নারী শ্রমিক নাজমা বেগম জানান, সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাজ করে তিনি দৈনিক হাজিরা পান ৩৫০ টাকা।
হায়দারগঞ্জ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ নুর ইসলাম প্রায় ১৯ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর প্রতিষ্ঠানে নিয়মিত সাত থেকে আটজন শ্রমিক কাজ করেন। তিনি বলেন, সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ পেলে ব্যবসা আরও সম্প্রসারণ করা সম্ভব।
আমির ট্রেডার্সের মালিক আমির হোসেন জানান, ছাদবাগান ও চারা উৎপাদনে কোকোপিটের ব্যবহার বাড়ছে। সরকারি প্রশিক্ষণ ও বিদেশে পণ্য পাঠানোর সুযোগ পেলে এই খাতে আরও লাভবান হওয়া সম্ভব বলে তিনি মনে করেন।
স্থানীয় উদ্যোক্তাদের মতে, আধুনিক যন্ত্রপাতি, কারিগরি প্রশিক্ষণ, সহজ ঋণ ও বাজারজাতকরণে সহায়তা পেলে এই শিল্পে আরও মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। একই সঙ্গে উৎপাদিত পণ্যের মান উন্নয়ন ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
তবে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের অভাবে শিল্পটি এখনো সীমিত পরিসরে চলছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।



