ট্রাইব্যুনালের আসামিকে আশ্রয় দিলে আশ্রয়দাতারও আলাদা বিচার হতে পারে: প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম
মানবতাবিরোধী অপরাধের আসামিদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আশ্রয়-প্রশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও দণ্ডবিধিতে আলাদা অপরাধে বিচারের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, কোনো অপরাধীকে যদি কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান আশ্রয় ও প্রশ্রয় দেয়, এটি সেই আশ্রয়দাতা ও প্রশ্রয়দাতা ব্যক্তি বা সংগঠনের একটি ব্যক্তিগত দায়। এর জন্য দণ্ডবিধিতে, বাংলাদেশ পেনাল কোডে একটি সুস্পষ্ট অপরাধ রয়েছে।
তিনি বলেন, সেটার জন্য আলাদা অপরাধ হতে পারে এবং সেই জন্য আলাদা বিচারের সম্মুখীন করা যেতে পারে যারা এই আসামি বা অপরাধীদের আশ্রয় ও প্রশ্রয় দেবে।
২০২৪ সালের ৫ আগস্টের পর শেখ হাসিনাসহ অনেক রাজনৈতিক নেতা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, তা তদন্তের আওতায় আসবে কি না—এমন প্রশ্নে প্রধান কৌঁসুলি বলেন, তাঁরা অপরাধের বিচার করতে পারবেন। কিন্তু অপরাধীরা কী প্রক্রিয়ায় পালিয়ে গেছেন, এটা তাঁদের আইনে কতটুকু ম্যান্ডেট আছে তিনি জানেন না, এটা পরীক্ষা করে দেখতে হবে।


