চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা টমাস নিহত, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতা মোহাম্মদ টমাস (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টমাস বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মর্তুজার ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক এমপি সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুসারী হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনাকষা ইউনিয়নের চৌকা মাঠে মশিউর রহমান নামের এক ব্যক্তির ঘাসের জমিতে কয়েকজন মিলে ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ ককটেলগুলো বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণে আরও তিনজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, ডিসেম্বর মাসকে সামনে রেখে নাশকতা সৃষ্টির উদ্দেশে ককটেলগুলো তৈরি করা হচ্ছিল। তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ককটেল তৈরির সময় বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।


