রাজশাহীর বাঘায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলসদৃশ তরলভর্তি দুটি বোতল উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে থেকে পেট্রলসদৃশ তরল পদার্থভর্তি দুটি কাচের বোতল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে থেকে বোতল দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে কার্যালয়ের সামনে একটি শপিং ব্যাগের ভেতরে দুটি কাচের বোতল পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বোতল দুটির ভেতরে পেট্রলসদৃশ তরল পদার্থ ছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে বাঘা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বোতল দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
তবে কে বা কারা বোতল দুটি সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুপ্রভাত মণ্ডল বলেন, কে বা কারা বোতলগুলো সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ কাজ করেছে।
ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




