মেহেরপুরের মুজিবনগরে জমি নিয়ে বিরোধে ছেলেদের বাঁচাতে গিয়ে হামলায় প্রাণ গেল মায়ের

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ছয় কাঠা জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তহুরা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর গ্রামের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ছয় কাঠা জমি নিয়ে তহুরা খাতুনের ছেলেদের সঙ্গে তাঁদের চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ মেটাতে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হলেও সমাধান হয়নি। পরে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে মামলা করে; সেসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।
এরই মধ্যে আজ সকালে বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ জোর করে বাড়ি নির্মাণের কাজ শুরু করে। তহুরা খাতুনের ছেলেরা বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে।
নিহতের মেয়ে মিনা খাতুন অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ সকালে ইসলাম মহলদার বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ শুরু করেন। তাঁর দুই ভাই হানিফ মহলদার ও রহমান মহলদার বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। ছেলেদের রক্ষা করতে মা এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপরও হামলা চালান। এতে ঘটনাস্থলেই তহুরা খাতুন নিহত হন।
হামলায় গুরুতর আহত হানিফ মহলদার ও রহমান মহলদারকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সেখানে চিকিৎসাধীন আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, জমি নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হবে।




