গোপন কুঠুরিওয়ালা পিকআপে ডাকাতির অস্ত্র-মালামাল, কেরানীগঞ্জে ধরা পড়ল পাঁচ কিশোরসহ আটজন

বাইরে থেকে সাধারণ পিকআপ ভ্যান মনে হলেও ভেতরে ছিল অস্ত্র, গোলাবারুদ ও লুট করা মালামাল রাখার জন্য আলাদা করে তৈরি গোপন জায়গা। চেকপোস্টে তল্লাশিতেও যেন সহজে সন্দেহ না হয়, সে কারণেই এই অভিনব ব্যবস্থা করেছিল আন্তজেলা ডাকাত দলের সদস্যরা। এমন একটি পিকআপসহ দলটির আট সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। গ্রেপ্তার আটজনের মধ্যে পাঁচজনই কিশোর বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।
তিনি জানান, মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত বিশেষ পিকআপ, দেশীয় অস্ত্র, পাঁচটি গামছা, মুখোশ, রামদা, লোহার সাবল, করাত, টর্চলাইট ও ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেই সঙ্গে ডাকাতির মাধ্যমে লুট করা মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বিদেশি মুদ্রা ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে জাকির হোসেন, কালাম খাঁ, জাহিদুল ইসলাম সাগর ও মোহাম্মদ হেলালের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নিয়মিত ডাকাতি করে আসা একটি পেশাদার চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। চক্রটি বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল ও ফরিদপুর এলাকায় ডাকাতি করত। এ তথ্যের ভিত্তিতে রাত তিনটা থেকে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। পরে সকাল সাতটার দিকে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়।
জব্দ করা পিকআপটির ভেতরে অস্ত্র, গোলাবারুদ ও লুণ্ঠিত মালামাল আলাদাভাবে রাখার ব্যবস্থা ছিল, যাতে সাধারণ চেকপোস্টে তল্লাশির সময় এসব মালামাল সহজে শনাক্ত করা না যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কাজে এ ধরনের একটি পিকআপ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। তবে গাড়িটির মালিকানা কার, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ধরনের আরও গাড়ি রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
অধিনায়ক বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য। তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, চক্রটির মূল হোতা কারা এবং কীভাবে ডাকাতির লক্ষ্যবস্তু নির্ধারণ করা হতো, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দক্ষিণ কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ মডেল থানা, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় তাঁদের তৎপরতার তথ্য পাওয়া গেছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
একই সংবাদ সম্মেলনে অন্য একটি ঘটনার কথা জানিয়ে আসাদুজ্জামান বলেন, এসআরবি-১০-এর আরেকটি অভিযানে যাত্রাবাড়ীতে অটোরিকশাচালক মুন্না হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ নভেম্বর যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ী ওয়াসা খাল থেকে মুন্নার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর গোয়েন্দা তথ্য ও মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে গত রোববার তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১০-এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ভিকটিমের অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। আর ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।




