দুর্গাপুরে ৮৭৭ কৃষকের সহায়তাসহ ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে, গ্রেপ্তার দুজন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাব থেকে প্রশাসকের স্বাক্ষর জাল করে ৫৯ লাখ ১৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ইউপি সচিব মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ প্রকাশের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক কৃষকের মানবিক সহায়তার জন্য বরাদ্দ অর্থ এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থ—দুই হিসাব মিলিয়ে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে কৃষকদের সহায়তার অংশ ২৬ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন সহায়তা তহবিলের অংশ ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা।
ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরপরই মো. উসমান গণি ও রিপন কর্মকার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবল বর্ষণে হাওর ও নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে প্রত্যেককে তিন হাজার টাকা করে দেওয়ার জন্য গত জুলাই মাসে গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮৭৭ জন কৃষকের বিপরীতে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাবে ওই অর্থ জমা হয়। আগের জমা অর্থসহ হিসাবে মোট ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা ছিল।
সুবিধাভোগী কৃষকদের মধ্যে অর্থ বিতরণের জন্য ব্যাংক থেকে চেকবই উত্তোলন করে সচিব রুয়েলুজ্জামানকে চেক প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু অসুস্থতার অজুহাতে তিনি বারবার সময়ক্ষেপণ করতে থাকেন। দুই দফায় টাকা বিতরণের তারিখ নির্ধারণ করা হলেও তিনি উপস্থিত হননি। সর্বশেষ ২৬ নভেম্বর টাকা বিতরণের দিন ধার্য করা হয়। এর মধ্যে গত ২২ নভেম্বর থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন প্রশাসক। তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতেও তাঁর খোঁজ মেলেনি।
পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখা থেকে যৌথ হিসাবের বিবরণী সংগ্রহ করেন প্রশাসক। এতে দেখা যায়, কৃষকদের মানবিক সহায়তার জন্য বরাদ্দ করা হিসাবে মাত্র দুই হাজার ৫০৪ টাকা অবশিষ্ট রয়েছে।
প্রশাসক ফজলুর রহমানের অভিযোগ, তাঁর ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের স্বাক্ষর জাল করে ২৬টি চেকের মাধ্যমে গত ২৮ সেপ্টেম্বর থেকে গত রোববার পর্যন্ত বিভিন্ন সময়ে ২৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেছেন ইউপি সচিব। অথচ ওই অর্থ কোনো সুবিধাভোগী কৃষককে বিতরণ করা হয়নি।
প্রশাসক আরও জানান, উন্নয়ন সহায়তা তহবিলের টাকাও একই কায়দায় উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সোনালী ব্যাংকের ওই তহবিলের যৌথ হিসাবে আগের স্থিতি ও বিভিন্ন সরকারি বরাদ্দ মিলিয়ে মোট ৩৫ লাখ ৮৯ হাজার ৯৪৬ টাকা জমা ছিল। তাঁর স্বাক্ষর জাল করে ৪৪টি চেকের মাধ্যমে বিভিন্ন সময়ে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে।
লিখিত অভিযোগে ইউপি সচিব মো. রুয়েলুজ্জামান (৪৫), মো. উসমান গণি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিস (৪১), উসমান গণির স্ত্রী বিলকিস আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) ও রাকিব তালুকদার (২৮)—এই আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত বলেন, ব্যাংকের যৌথ হিসাবের বিবরণী পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ করা হয়েছে। টাকা উত্তোলনের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। সরকারি অর্থ আত্মসাৎ ও যৌথ ব্যাংক হিসাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।
ইউএনও আরও বলেন, যেহেতু আত্মসাতের অভিযোগ ওঠা অর্থের একটি বড় অংশ প্রান্তিক কৃষকদের মানবিক সহায়তার জন্য বরাদ্দ ছিল, তাই প্রকৃত উপকারভোগীদের সহায়তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




